
সৌরভ গাঙ্গুলী
শেষ আপডেট: 20 August 2024 07:01
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর-কাণ্ডে গত কয়েকদিন ধরেই সমালোচনার শিকার হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার কালো করলেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন বোর্ড সভাপতি। এক্স হ্যান্ডল-সহ নিজের ইনস্টাগ্রামে আরজি কর-কাণ্ডের প্রতিবাদ করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।
আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর মেয়েদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, "একটি দুর্ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়।" এরপরই সমালোচনার মুখে পড়েন সৌরভ। আরজি করের ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ ঘটনা হিসেবে চিহ্নিত করায় বিদ্রূপেরও শিকার হন।
সৌরভের মন্তব্যের বিরুদ্ধে মুখ খোলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী জানান, তিনি কোনও দিন ছোট পর্দার অনুষ্ঠান ‘দাদাগিরি’ তে যাননি। আগামীতেও কখনও যাবেন না বলে মনস্থির করেছেন তিনি।
এমন আবহেই নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সৌরভ বোঝান, ‘আগেও বলেছিলাম যে এটা ভয়ঙ্কর ইস্যু। কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখা হয়েছে। এখন আন্দোলন অনেকটা এগিয়েছে। সিবিআই এবার দায়িত্ব নিয়েছে। এই ঘটনা ভীষণই লজ্জাজনক। আশা করব সিবিআই দোষীদের চিহ্নিত করে কড়া শাস্তি দেবে। যাতে পরবর্তী সময়ে অন্যরা এরকম কিছু করার আগে বারবার ভাবে।’ মুখ খুলেছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও। তাঁরও বক্তব্য, এই ধরনের নারকীয় ঘটনার প্রতিবাদ হওয়া উচিত। সোশাল মিডিয়াতে এবার প্রতিবাদে সামিল হলেন তাঁরা।