
শেষ আপডেট: 4 September 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষায় নিয়োগ দূর্নীতি মামলায় ফের তৎপর হল ইডি। তলব পেয়ে বুধবার সকালেই সিজিও কমপ্লেক্সে হাজির হলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
এদিন সকাল সাড়ে দশটা নাগাদ ইডি দফতরে আসেন চন্দ্রনাথবাবু। সোজা ঢুকে যান কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির দফতরে। জানা গেছে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছেন ইডি আধিকারিকরা। চলতি বছরের মার্চ মাসে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। তখন তিনি ছিলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী। এখন কারা দফতরের দায়িত্বও সামলাচ্ছেন তিনি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বাড়ি ঘিরে ফেলেছিলেন ইডি আধিকারিকরা। তখন মন্ত্রী বাড়িতে ছিলেন না। তাঁর পরিবারের কাছ থেকে কিছু তথ্য জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা।
তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথি, টাকা ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সির দাবি, নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছিল, যার উৎস কোথায় তার কোনও উত্তর ছিল না মন্ত্রীর কাছে। এই তল্লাশির এক সপ্তাহের মধ্যে মন্ত্রীকে তলব করেছিল ইডি। তখন তিনি নিজে না এসে তাঁর এক প্রতিনিধিকে পাঠিয়েছিলেন।
সেই প্রতিনিধির সামনেই মন্ত্রীর বাজেয়াপ্ত করা মোবাইল ফোন আনলক করেছিলেন ইডি আধিকারিকরা। বুধবার তলব পেয়ে মন্ত্রী হাজির হওয়ায় তাঁকে শিক্ষায় নিয়োগ দূর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে ইডি। অগস্ট মাসেই অখিল গিরির জায়গায় কারামন্ত্রীর দায়িত্বে দেওয়া হয় চন্দ্রনাথ সিনহাকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পাশাপাশি কারা দফতরের দায়িত্বও সামলাচ্ছেন তিনি।