
শেষ আপডেট: 6 March 2024 11:21
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রোর উদ্বোধন হয়ে গেল হইহই করে। বাচ্চাদের নিয়ে মেট্রোয় চাপলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একবার ভাবুন, আপনি মেট্রোয় চাপলেন আর মেট্রো ঝাঁ ঝাঁ করে গঙ্গার নীচের টানেল দিয়ে ছুটে চলল। ঠিক কোন সময়টাতে মেট্রো গঙ্গা পার হচ্ছে তা জানা বা বোঝার কৌতুহল রয়েছে অনেকেরই। বস্তুত বাঙালি এটা ভেবেই রোমাঞ্চিত যে এবার গঙ্গার নীচ দিয়ে মেট্রো-সফর করা যাবে। ঠিক কতটা সময় মেট্রো গঙ্গার নীচ দিয়ে যাবে, কীভাবে যাত্রীরা বুঝবেন মেট্রো গঙ্গার পার হচ্ছে তা বোঝার একটা উপায় রেখেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান। তার মধ্যে রয়েছে ৫২০ মিটার দীর্ঘ গঙ্গা। তা পেরিয়ে যেতে সময় লাগবে মাত্র ৪৬ সেকেন্ড। ভারতে এই প্রথম জলের তলা দিয়ে রেল করিডর তৈরি হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ৪.৮ কিলোমিটারের হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেডের অংশের ৫২০ মিটার লাইন গিয়েছে গঙ্গার তলা নিয়ে। মেট্রে যে মুহূর্তে গঙ্গার নীচের সুড়ঙ্গে ঢুকবে সেই মুহূর্তেই একটি নীল আলো জ্বলে উঠবে। নীল এলইডি আলোই বোঝাবে যে মেট্রো গঙ্গার নীচে দিয়ে ছুটছে।
নদীর উপরের জলস্তর থেকে ৩৩ মিটার নীচে তৈরি হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর জোড়া সুড়ঙ্গ। নদী খাত থেকে আরও ১৩ মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে টানেল। সেখানেই মেট্রোর লাইন পাতা হয়েছে। জোড়া সুড়ঙ্গের ভেতর দিয়ে ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রো। অর্থাৎ, মেট্রোযাত্রীদের মাথার উপর দিয়ে বয়ে যাবে গঙ্গা। জলস্তরের ৩৫ মিটার নীচ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে। তাতে ফাইভ জি গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগও মিলবে।
এসপ্ল্যানেড থেকে যদি হাওড়া ময়দান যেতে চান তাহলে মাঝে স্টেপেজ পড়বে হাওড়া মেট্রো, তারপর হওড়া ময়দান। আবার হাওড়া ময়দান থেকে মেট্রোয় চাপলে সরাসরি পৌঁছে যাওয়া যাবে ময়দান। এর পরে কোথাও যেতে চাইলে ধরুণ, দক্ষিণেশ্বর যাবেন বা শহিদ ক্ষুদিরাম, তাহলে মেট্রো বদল করতে হবে। তবে ভাল খবর হল, গোটা সফরে একবার টিকিট কাটলেই হবে। নতুন করে টিকিটের লাইনে দাঁড়াতে হবে না।
কোথায় কত ভাড়া?
হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে এসপ্ল্যানেড স্টেশনে এসে মেট্রো বদল করতে হবে। কিন্তু পুরো যাত্রার জন্য একটিই টিকিট লাগবে। হাওড়া থেকে দক্ষিণেশ্বর, বরানগর এবং নোয়াপাড়া যেতে ভাড়া যেতে ভাড়া ৩০ টাকা।
হাওড়া ময়দান থেকে দমদম, বেলগাছিয়া এবং শ্যামবাজার অবধি ভাড়া ২৫ টাকা ভাড়া।
হাওড়া ময়দান থেকে শোভাবাজার-সুতানটি, গিরিশ পার্ক এবং মহাত্মা গান্ধী রোড অবধি ভাড়া হবে ২০ টাকা।
হাওড়া ময়দান থেকে সেন্ট্রাল, চাঁদনি চক, পার্কস্ট্রিট এবং ময়দানের ভাড়া ১৫ টাকা।
হাওড়া ময়দান থেকে রবীন্দ্রসদন, নেতাজি ভবন এবং যতীন দাস পার্ক পর্যন্ত মেট্রো ভাড়া পড়বে ২০ টাকা।
হাওড়া ময়দান থেকে কালীঘাট, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তর কুমার (টালিগঞ্জ) এবং নেতাজি (কুঁদঘাট) অবধি মেট্রো ভাড়া ২৫ টাকা।
হাওড়া ময়দান থেকে মাস্টারদা সূর্য সেন (বাঁশদ্রোণী), গীতাঞ্জলি (নাকতলা), কবি নজরুল (গড়িয়া বাজার), শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) এবং কবি সুভাষ (নিউ গড়িয়া) ভাড়া হবে ৩০ টাকা।