
শেষ আপডেট: 7 March 2024 08:08
দ্য ওয়াল ব্যুরো: কাঁটায় কাঁটায় সকাল ১০টা ২৫ মিনিট। এসপ্ল্যানেড স্টেশন থেকে মেট্রোয় চাপলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গেই মেট্রোয় উঠল স্কুল পড়ুয়ারা। বহুদিনের অপেক্ষা শেষে চাকা গড়াল কলকাতা-হাওড়া ইস্ট-ওয়েস্ট মেট্রোর। মাটির নীচে গঙ্গা পার করাতে সেদিন প্রধানমন্ত্রীর সারথি ছিলেন দীপক কুমার। ঐতিহাসিক মেট্রো সফরের প্রথম মোটরম্যানও তিনি। সেদিনের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে দীপক বলেছেন, তিনি এখনও ভাবের জগতেই রয়েছেন।
বুধবার, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কলকাতা এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ২৫ মিনিটে তিনি মেট্রোর ‘মেধা’ রেকের সওয়ারি হন। এসপ্ল্যানেড থেকে সেই গাড়ি মহাকরণ, হাওড়া স্টেশন হয়ে হাওড়া ময়দান স্টেশনে পৌঁছয় ১০টা ৩৫ মিনিটে। তারপর ফিরে আসে। গোটা রাজ্য সেদিন টিভির পর্দায় চোখ রেখেছিল। সেই মেট্রোরই চালক ছিলেন দীপক কুমার।
শহরের অন্য মেট্রোরও মোটরম্যান হয়ে কাজ করেছেন অভিজ্ঞ চালক দীপক। কলকাতা-হাওড়া ঐতিহাসিক মেট্রো সফরের জন্য তাঁকেই মোটরম্যান হিসেবে বেছে নিয়েছিল মেট্রোরেল কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী এই মেট্রোয় সফর করবেন জেনেই উত্তেজিত ছিলেন দীপক। জন্মসূত্রে তিনি বিহারের বাসিন্দা, তবে থাকেন কলকাতাতেই। দীপকবাবু জানিয়েছেন, তিনি এতদিন নর্থ-সাউথ মেট্রো চালাচ্ছিলেন। ইস্ট-ওয়েস্ট মেট্রো চালানোর সৌভাগ্য হল তাঁর। প্রধানমন্ত্রীকে যাত্রী হিসেবে পেয়ে তিনি অভিভূত।
প্রধানমন্ত্রী যখন মেট্রোয়, গোটা পথের মধ্যবর্তী স্টেশনে মেট্রো দাঁড়ালেও খোলেনি দরজা। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৪০ বছর আগে কলকাতার প্রথম মেট্রো এসপ্ল্যানেড থেকে ছেড়েছিল নির্ধারিত সময়ের থেকে ঠিক ৬ মিনিট দেরিতে। সকাল সাড়ে ৮টার বদলে ট্রেনের চাকা গড়িয়েছিল ৮টা ৩৬ মিনিটে। যাত্রাপথ ছিল কলকাতার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে ভবানীপুর (অধুনা নেতাজি ভবন স্টেশন) পর্যন্ত। আর ২০২৪ সালের ৬ মার্চ গঙ্গা পেরিয়ে মেট্রো পৌঁছে গেল বাংলার যমজ শহর হাওড়াতে।