
কালীঘাটের কাকু
শেষ আপডেট: 21 March 2025 11:52
দ্য ওয়াল ব্যুরো: ফের কলকাতা হাইকোর্টে (High Court) দ্বারস্থ কালীঘাটের কাকু (Kalighater Kaku)। অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র (Sijay Krishna Bhadra)। পাশাপাশি জামিনের শর্ত কমানোরও আর্জি জানিয়েছেন তিনি।
ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। পরে সিবিআইয়ের মামলাতেও জামিন মঞ্জুর হয় তাঁর। মানসিক অবসাদ ও স্বাস্থ্যজনিত কারণেই 'কাকুর' জামিন মঞ্জুর করে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
জামিন দিলেও বেহালার বাড়িতেই ঘরবন্দি তিনি। শর্ত দেওয়া হয় চিকিৎসক এবং আইনজীবী ছাড়া তাঁর বাড়িতে অন্য কেউ ঢুকতেও পারবেন না। বাড়িতে সর্বক্ষণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।
এহেন কেন্দ্রীয় বাহিনীর ঠেলায় অতিষ্ঠ কালীঘাটের কাকু! যে কারণে জামিনের মেয়াদ বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার প্রসঙ্গেও উল্লেখ করেছেন তাঁর আইনজীবী।
৩১ মার্চ পর্যন্ত 'কাকুর' অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ রয়েছে। তার আগে ফের একবার জামিনের মেয়াদ বাড়াতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।
নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন ধরেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। ইডি ও সিবিআইয়ের দুই মামলাতেই জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। দীর্ঘ টানাপড়েনের পর কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা নিয়েছে সিবিআই। অনুমান, কুন্তল ও কালীঘাটের কাকুর মধ্যে কথা হওয়ার প্রমাণ রয়েছে।