
দেবাশিস সোম।
শেষ আপডেট: 5 September 2024 16:26
দ্য ওয়াল ব্যুরো: রবিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছিল আরজি কর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক দেবাশিস সোমকে। আচমকা রক্তের শর্করার মাত্রা হেরফের ঘটায় গুরুতর অসুস্থ অবস্থায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। হাসপাতাল সূত্রের খবর, এখনও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে, অবস্থা সঙ্কটজনক।
গত ২৬ অগস্ট আরজি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগের কর্তা দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়ি তল্লাশির পরে, বিকেলে তাঁকে নিজামে নিয়ে যায় সিবিআই। এর এক সপ্তাহ পরে, ১ তারিখেই হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে।
দেবাশিস আরজি করের ফরেন্সিক বিভাগের সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। ওই বিভাগের ডেমনস্ট্রেটর পদে রয়েছেন তিনি। এ ছাড়াও আরজি কর মেডিক্যাল কলেজের কাউন্সিলেরও সদস্য দেবাশিস। তিনি রয়েছেন কলেজের ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কমিটিতেও।
এই দেবাশিস সোম সন্দীপ ঘোষের অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ বলেই খবর মিলেছে আরজি কর সূত্রে। এমনকি হাসপাতালে তিনি নিজের বিভাগের চেয়ে বেশি থাকতেন, অধ্যক্ষ সন্দীপের ঘরের পাশে একটি ঘরে। অভিযোগ, হাসপাতালের ফরেন্সিক মেডিসিন বিভাগে তাঁর অতিরিক্ত দাপট ছিল।
কয়েক দিন আগেই আরজি কর হাসপাতালের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। হাসপাতালে নানা বেআইনি কাজ এবং আর্থিক নয়ছয়ের সঙ্গে দেবাশিস সোম যুক্ত বলেও অভিযোগে জানিয়েছিলে তিনি।
শুধু তাই নয়, ৯ অগস্ট আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষিত ও নিহত দেহ উদ্ধারের পরে সেমিনার হলে যে বহু মানুষের ভিড় দেখা যায়, সেই ভিড়ের মধ্যে ছিলেন হাসপাতালের ফরেন্সিক বিভাগের এই কর্তা দেবাশিস সোমও। সেখানে তিনি কী করছিলেন, তাও সিবিআই তদন্ত করে দেখছে। এমনই সময়ে দেবাশিসের শারীরিক অবস্থা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।