ঘটনাস্থল ঘিরে ভিড়, প্রশ্নের পর প্রশ্ন— খুন, আত্মহত্যা না কি আরও কোনও অজানা রহস্য?

শেষ আপডেট: 4 December 2025 13:21
দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে গিরিশ পার্ক (Girish Park) চত্বরে চাঞ্চল্য। মেট্রোর তিন নম্বর গেটের পাশে একটি পরিত্যক্ত পৈত্রিক বাড়ি থেকে উদ্ধার হল একুশ বছরের সৌম্যদিত্য কুণ্ডুর ঝুলন্ত দেহ। ঘটনাস্থল ঘিরে ভিড়, প্রশ্নের পর প্রশ্ন— খুন, আত্মহত্যা না কি আরও কোনও অজানা রহস্য?
পরিবার সূত্রে খবর, দক্ষিণ আফ্রিকায় পাইলটের (Pilot) প্রশিক্ষণ নিচ্ছিল সৌম্যদিত্য। বুধবার বিকেল চারটে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় সে। রাতে আর ফেরেনি। বারবার ফোন করেও সাড়া না পেয়ে চিন্তিত পরিবারের সদস্যরা শেষমেশ লোকেশন ট্র্যাক করেন। দেখা যায়, সংকেত থমকে রয়েছে গিরিশ পার্কেই।
তত্পর পরিবার পৌঁছে তালা ভেঙে ঢুকতেই স্তব্ধ হয়ে যায় সবাই। ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে সৌম্যদিত্যর নিথর দেহ। ঘর থেকেই উদ্ধার হয় একটি ট্যাব। তাতে লেখা মাত্র একটি শব্দ— “LOST”। এর নেপথ্যে কী ইঙ্গিত লুকিয়ে, তা এখনও বুঝে উঠতে পারেনি কেউই।
ছেলের মৃত্যুসংবাদ শুনেই ভেঙে পড়েছেন মা। হাতে গোপাল মূর্তি জড়িয়ে হাউহাউ করে কান্না। স্তব্ধ বাবা বললেন, “ওর কোনও সমস্যা ছিল, কিছুই বুঝতে পারিনি। ফোন ধরছিল না। ওর একমাত্র বন্ধুকেও ডাকি। সে খুঁজল। শেষে লোকেশন দেখে এখানে এলাম। তালা ভেঙে দেখি...।”
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আত্মহত্যা, নাকি অন্য কোনও যোগসূত্র— সব দিকই খতিয়ে দেখছে তদন্তকারীরা। বৃহস্পতিবার ময়নাতদন্তের রিপোর্টে মিলবে মৃত্যুর প্রাথমিক কারণের ইঙ্গিত।