
শেষ আপডেট: 14 March 2024 22:10
দ্য ওয়াল ব্যুরো: কপালে গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের উডর্বান ওয়ার্ড থেকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের মধ্যে থাকা বাঙুর ইন্সটিটিউট অব নিউরোলজির বিল্ডিংয়ে।
সূত্রের খবর, ওই নিউরো বিল্ডিংয়েই মুখ্যমন্ত্রীর সিটি স্ক্যান এবং এমআরআই করা হতে পারে। চোট কতটা গভীর তা সম্পর্কে নিশ্চিত হতেই এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে রক্তক্ষরণ বন্ধ হওয়ায় মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খবর পেয়ে তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রীও পৌঁছেছেন হাসপাতালে।
বৃহস্পতিবার রাত ঠিক সওয়া ৮টা নাগাদ তৃণমূল কংগ্রেস ফেসবুকে মুখ্যমন্ত্রীর একটি ছবি পোস্ট করে। তাতেই সামনে আসে মুখ্যমন্ত্রীর কপালের ঠিক মাঝখানে চোট লেগেছে। সেখান থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে।
সূত্রের খবর, এদিন গড়িয়াহাটের অনুষ্ঠান সেরে বাড়ি ফিরেছিলেন মুখ্যমন্ত্রী। বাড়িতেই কোনওভাবে পা স্লিপ করে পড়ে যান তিনি। তারই জেরে কপালে গুরুতর চোট লাগে। যদিও এ ব্যাপারে অফিসিয়ালি দল বা পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।
তবে এসএসকেএম সূত্রের খবর, কপালে গুরুতর চোট লেগেছে। সে সম্পর্কে নিশ্চিত হতেই সিটি স্ক্যান এবং এমআরআই করা হবে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর চিকিৎসায় অন্যান্য হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হয়েছে। গঠন করা হয়েছে আট সদস্যের মেডিকেল বোর্ড।