
শেষ আপডেট: 26 October 2022 16:14
দ্য ওয়াল ব্যুরো: আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ (Africa's highest peak) মাউন্ট কিলিমাঞ্জারো (Mount Kilimanjaro) (৫৮৯৫মিটার) জয় করলেন কলকাতার ড. ফাল্গুনী দে। আফ্রিকার শীর্ষে ভারতের জাতীয় পতাকা তুলে ধরে পালন করলেন স্বাধীনতার ৭৫ বছর পূর্তি ‘আজাদি কা অমৃত মহোৎসব’। গলা ছেড়ে গাইলেন রবীন্দ্র সঙ্গীত। একই সঙ্গে ট্রেক রুটে এবং ক্যাম্পে পড়ে থাকা নানান প্লাস্টিক সংগ্রহ করে রেঞ্জ অফিসারের হাতে জমা দিয়ে পরিবেশ রক্ষার বার্তাও দিয়েছেন তিনি।

পোল্যান্ডের ২৪ জনের একটি দল গত ১১ অক্টোবর তানজানিয়ার (Tanzania) মাচামে গেট থেকে যাত্রা শুরু করে এবং ১৮ তারিখ শৃঙ্গ জয় করে সুস্থ শরীরে তাঁরা নীচে নেমে আসেন। ১৫ অক্টোবর সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছান তাঁরা। ড. দে ছিলেন ওই দলের অন্যতম সদস্য।
ফাল্গুনী দে বর্তমানে উত্তর কলকাতার বাগবাজার উইমেন্স কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক। পেশা অধ্যাপনা হলেও নেশা কবিতা লেখা এবং পাহাড় চড়া। পাহাড়ের টানেই তিনি বারবার ছুটে গেছেন জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের বিভিন্ন ট্রেক এবং এক্সপিডিশন রুটে।

ফাল্গুনী জন্মসূত্রে পূর্ব বর্ধমানের আউশগ্রামের অমরপুর গ্রামের বাসিন্দা। কর্মসূত্রে তিনি কলকাতায় যাদবপুরে থাকেন। এই এক্সপিডিশনের সাফল্যের সমস্ত কৃতিত্ব তিনি স্ত্রী এবং পরিবারকে দিতে চান। ব্যয়বহুল এই অভিযানে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মায়া স্পোর্টস একাডেমি লন্ডন, সিংহানিয়া অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড, কলকাতা। এছাড়াও অর্থ সাহায্য করেছে পরিবার এবং দেশ-বিদেশের প্রচুর বন্ধুবান্ধব। আগামীদিনে এইভাবেই পাহাড়ের পথে পথে ঘুরে পরিবেশে রক্ষার বার্তা দিয়ে যেতে চান তিনি।
বিক্রি হয়নি কালীমূর্তি, মান বাঁচাতে নিজেই প্রতিমা ভেঙে সম্প্রীতি নষ্টের চেষ্টা, আটক শিল্পী