শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের। বিরোধী দলনেতার কোনও বক্তব্য থাকলে তা সোমবারের মধ্যে লিখিত আকারে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 24 October 2025 17:23
দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রক্ষাকবচ প্রত্যাহার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। বিরোধী দলনেতার কোনও বক্তব্য থাকলে তা সোমবারের মধ্যে লিখিত আকারে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
২০২১ সাল থেকে শুভেন্দুর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনও এফআইআর দায়ের করা যেত না, সেই রক্ষাকবচ শুক্রবার প্রত্যাহার করে নিল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা হয়।
এর ফলে এখন থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করতে আদালতের অনুমতির আর প্রয়োজন নেই। তবে, আগের ১৬টি মামলার মধ্যে ১৫টি মামলায় শুভেন্দু অধিকারী আগের মতোই সুরক্ষিত থাকবেন। সেই মামলাগুলিতে কোনও নতুন পদক্ষেপ নেওয়া যাবে না।
যৌথ তদন্তের নির্দেশ
মানিকতলা থানার মামলায় সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি সেনগুপ্ত। তদন্তের জন্য তৈরি হবে ১২ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT)। এর মধ্যে ৬ জন থাকবেন সিবিআই থেকে এবং ৬ জন রাজ্য পুলিশের আধিকারিক। উভয় দিক থেকেই একজন করে এসপি পদমর্যাদার অফিসার থাকবেন।
নতুন নির্দেশে স্বস্তি ও ধাক্কা—দুই-ই শুভেন্দুর জন্য
যদিও হাইকোর্ট জানিয়েছে, নন্দীগ্রাম, তমলুক ও কাঁথির নির্দিষ্ট কয়েকটি মামলায় শুভেন্দু অধিকারী রক্ষাকবচের আবেদন করেননি। তিনি চাইলে সেই মামলাগুলিতে আদালত ভবিষ্যতে আবেদন বিবেচনা করতে পারে।
২০২১ সালে বিচারপতি রাজাশেখর মান্থা প্রথম শুভেন্দুকে এই রক্ষাকবচ দেন, যা পরে সুপ্রিম কোর্টও বহাল রাখে। এর ফলে গত চার বছর ধরে শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের বা তদন্ত প্রায় স্থগিত ছিল। শুক্রবারের রায়ে সেই সুরক্ষার পরিসমাপ্তি ঘটল।
অন্যদিকে, তৃণমূল কর্মীকে (TMC) লক্ষ্য করে গুলি চালানোর মামলায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। ফলে ফের বিপাকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গল বেঞ্চে তাঁর দায়ের করা মামলা খারিজ হয়ে যায়। আদালত জানিয়ে দেয়, গুলি চালানোর অভিযোগে পুলিশের তদন্ত চলবে নিয়ম মেনেই।
অর্জুন সিং চেয়েছিলেন, গত মার্চে জগদ্দলে তৃণমূল কর্মীর ওপর গুলি চালানোর মামলাটি খারিজ করা হোক। কিন্তু আদালত তাঁর সেই আবেদন খারিজ করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পাশাপাশি, বিচারপতি জয় সেনগুপ্ত জানান, তদন্তের দায়িত্ব থাকবে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বাধীন বিশেষ তদন্তদলের (SIT) হাতে। তবে আদালত জানিয়েছে, প্রয়োজনে আগাম জামিনের আবেদন জানাতে পারবেন অর্জুন।