
শেষ আপডেট: 7 April 2023 18:03
দ্য ওয়াল ব্যুরো: ১ এপ্রিল থেকে কলকাতায় গাড়ি পার্কিংয়ের নতুন রেট (parking fee) বলবৎ করেছিল কর্পোরেশন (KMC)। সাত দিন পর শুক্রবার তা নিয়ে তোলপাড় চলেছে দুপুর থেকে। তারপর দেখা গেল বর্ধিত পার্কিং ফির নির্দেশিকা প্রত্যাহার করে নিল কর্পোরেশন।
কলকাতা পুরসভার পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, বর্ধিত পার্কিং ফির নির্দেশিকা প্রত্যাহার করা হল। যতক্ষণ না নতুন নির্দেশিকা জারি হচ্ছে ততক্ষণ পুরনো হারেই পার্কিং ফি নিতে হবে।

শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি স্পষ্টই বলেন, পার্কিং ফি বাড়ানোর বিষয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রীর সঙ্গে আলোচনা করে হয়নি। কুণালের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় কখনওই সাধারণের উপর বাড়তি বোঝা চাপানোর পক্ষে নন। ওঁর রাজনৈতিক দর্শনই হল সাধারণ মানুষকে আর্থিক সুরাহা দেওয়া। পুরসভা পার্কিং ফি বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা মোটেই মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে হয়নি।
কুণাল এও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই নির্দেশিকা প্রত্যাহার করার কথাও বলেছেন। তবে এই কথা কেন মুখ্যমন্ত্রী সরাসরি তাঁকে না বলে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বললেন তা নিয়েও আক্ষেপের কথা শুনিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম।
তারপর দেখা গেল রাতেই নতুন নির্দেশিকা দিয়ে বর্ধিত ফি প্রত্যাহার করে নিল পুরসভা।
মুখ্যমন্ত্রীই বললে হত, আবার কুণাল কেন? দলে শৃঙ্খলার ব্যাপার তো আছে: ববি