
শেষ আপডেট: 29 April 2023 13:41
দ্য ওয়াল ব্যুরো: রহমনউল্লা গুরবাজের (Rahmanullah Gurbaz) আউটের স্টোরিটাতেও পুরোপুরি আফগান টাচ। বোলিং করলেন নুর মহম্মদ, দুরন্ত ক্যাচ ধরলেন রশিদ খান, আর আউট হলেন কেকেআরের ওপেনিং ব্যাটার। তিন আফগান তারকা জুড়ে থাকলেন একটি ডেলিভারিতে।
এটাতেই ক্রিকেটের সৌন্দর্য্য। গুরবাজ ৩৯ বলে ৮১ রান করে তার আগে যা করার করে দিয়েছিলেন। তিনি শুরু করেছিলেন ঝোড়ো মেজাজে, শেষটিও একইরকম। ইডেনে বৃষ্টির কারণে খেলা ৪৫ মিনিট দেরিতে শুরু হয়। বৃষ্টি থামতেই শুরু হয়ে যায় গুরবাজ ঝড়। তিনি সাতটি বাউন্ডারি ও পাঁচটি চার মেরেছেন। কেকেআর (KKR Vs GT) তাদের ইনিংস শেষ করেছে ১৭৯/৭।
অন্য ওপেনার জগদীশন ভাল শুরু করেছিলেন। তিনি ফিরলেন ১৯ রানে মহম্মদ শামির বলে। বাংলার হয়ে খেলা শামির দ্বিতীয় শিকার শার্দূল ঠাকুর (০)। তারপরেও লিটলের এক ওভারে ফিরলেন বেঙ্কটেশ আইয়ার (১১) ও অধিনায়ক নীতিশ রাণা (৪)।
ইডেনে ফের শুর হল বার্থডে বয় আন্দ্রে রাসেলের মারকাটারি ইনিংস। ১০০টি আইপিএল ম্যাচ খেলছেন, রাসেলের দুটি ছয় দেখে মনে হবে বাবুঘাটের গঙ্গায় পড়বে! রাসেল করলেন ১৯ বলে ৩৪ রান।
রিঙ্কু সিং ২০ বলে ১৯ রান করেছেন। তাঁর ছোট্ট ইনিংসে রয়েছে মাত্র একটি ছয়। পাশাপাশি রাসেল নিজের জন্মদিনে দারুণ মেজাজে ছিলেন। তাঁর ব্যাট থেকে বেরিয়েছে সেই চেনা শট। তিনটি ছয় ও দুটি বাউন্ডারি মেরেছেন।
ঘরের মাঠে ভাল বোলিং করলেন মহম্মদ শামি। প্রথম স্পেলে কৃপণ থাকলেও শেষ ওভারে রাসেলের কাছে মোট ১৬ রান দিলেন। হাতে যদিও তিন উইকেট। দুটি করে উইকেট পেলেন যশ লিটন ও নুর মহম্মদ। আরও এক নামী স্পিনার রশিদ খান এদিন চার ওভারে ৫৪ রান দিয়েছেন।
ইডেনে সেঞ্চুরি ম্যাচ খেলছেন ‘বার্থডে বয়’ রাসেল, বাজালেন ঘণ্টাও