আমার ঠাকুরদাদের দেশ ছিল কুমিল্লায়। আমার বাবার জন্ম ত্রিপুরায়। আর আমি জন্মেছি কলকাতায়। তাতে কী! মনের গভীরে শিকড়টা রয়ে গেছে ওই দেশেই।

শেষ আপডেট: 17 November 2025 21:56
বঙ্গবন্ধু মুজিব কন্যা শেখ হাসিনাকে (Sheikh Hasina) মৃত্যুদণ্ড (Capital Punishment) দেওয়া হয়েছে। মুজিবের বাড়ির বাকি অংশটুকুও ভাঙতে ছুটছে জনতা। সোমবার সকালে কাজের জন্য কলকাতার বাইরে আমি। তারই মধ্যে মোবাইলে বারবার ভেসে আসছে খবরগুলি (Sheikh Hasina Verdict)। কী প্রতিক্রিয়া (Reaction) দেব বুঝতে পারছি না। আসলে ওরা নিজেরাই যে বিড়ম্বনায়। খারাপ লাগছে খুব। যতবার এই খবরগুলি পাচ্ছি কষ্ট হচ্ছে। আসলে ওপারে যাদের আদি শিকড়, সেই সব বাঙালির কাছে এই খারাপ লাগাটা খুবই স্বাভাবিক।
আমার ঠাকুরদাদের দেশ ছিল কুমিল্লায়। আমার বাবার জন্ম ত্রিপুরায়। আর আমি জন্মেছি কলকাতায় (Kolkata)। তাতে কী! মনের গভীরে শিকড়টা রয়ে গেছে ওই দেশেই। ছোট থেকে সে দেশের কত গল্প শুনতাম। আমার শ্বশুর-শাশুড়ির দেশও ছিল পূর্ববঙ্গে। আজও আমার কাছে বাংলাদেশ (Bangladesh) একটা আবেগের নাম। আমি নিজে একবার মাত্র গেছি বাংলাদেশে। তবে আমার ছবিতে অনেকবার বাংলাদেশের জীবন দেখানো হয়েছে। ওই দেশের আকাশ-বাতাশের সঙ্গে বড্ড মিল এ বাংলার!
বেশ মনে পড়ে, আমাদের ছোটবেলায় আমরা খুব বাংলাদেশ টিভি (Bangladesh TV) দেখতাম। বাংলাদেশ টিভিতে খুব ভাল ভাল নাটক দেখানো হত। সেই নাটক দেখার জন্য ছাদে অ্যান্টেনার সঙ্গে বুস্টার লাগাত অনেকেই। দারুণ ভাল লাগার সেই নাটক দেখার জন্য বুস্টার ঠিক রাখতে কী মরিয়া চেষ্টা চালাতাম। সন্ধ্যায় বাংলাদেশ টিভি থেকে একটা অদ্ভূত সুন্দর আজানের সুর ভেসে আসত। কথার মানে তো বুঝতাম না। কিন্তু সেই সুরের একটা অন্যরকম আবেদন ছিল। বড্ড ভাল লাগত। এভাবে ছোট থেকেই জড়িয়ে গেছি ওই দেশটার সঙ্গে।
জীবন তো আসলে নিয়ন্ত্রণ করে রাজনীতির লোকেরা। তাঁরাই দেশটাকে ভেঙে দু-ভাগ করেছে। ধর্মের ভিত্তিতে আড়াআড়ি ভাগ হয়েছে দুই বাংলা। কিন্তু আবেগ তো ভাগ হয় না। আজ যখন দেখি সেই বাংলাদেশের এই অবস্থা, তখন বড্ড কষ্ট হয়। এটা তো আমার চেনা সেই বাংলাদেশ নয়। সেই চেনা আনন্দটাই যে ওখানে নেই। মনেপ্রাণে চাই, বাংলাদেশে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে। স্থিতি ফিরে আসে। অনেক পরিচিত মানুষ ওখানে থাকেন। তারা শান্তিতে থাকুক সেটাই কামনা করি। আমাদের সবার চেনা বাংলাদেশ ফিরে আসুক।