
শেষ আপডেট: 19 April 2023 10:50
দ্য ওয়াল ব্যুরো: গ্রুপ ডি-র নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattacharya) 'ডক্টরেট' ডিগ্রি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গ্রুপ ডি-র ১৯১১ জনের চাকরি বাতিলের পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) নির্দেশ দিয়েছিলেন, এই মামলা থেকে নিষ্কৃতি না পাওয়া পর্যন্ত কোনও কাজে তাঁর মাস্টার এবং ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না সুবীরেশ। সেই মামলাতেই বুধবার সিঙ্গল বেঞ্চের রায়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
গ্রুপ ডি-র নিয়োগ দুর্নীতিতে সিবিআই গ্রেফতার করেছিল সুবীরেশ ভট্টাচার্যকে। সেই মামলাতে ১০ ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল, যতদিন পর্যন্ত না এই মামলা থেকে সুবীরেশ নিষ্কৃতি পাচ্ছেন, ততদিন কোনও কাজে তিনি তাঁর মাস্টার ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি পিএইচডি ডিগ্রি ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করেছিলেন বিচারপতি। এর ফলে নামের আগে ‘ডক্টর’ লিখতে পারছিলেন না সুবীরেশ।
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে আবেদন করেন সুবীরেশ ভট্টাচার্য। বুধবার ছিল সেই মামলার শুনানি। তাতেই কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল। আগামী ৩০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
অযোগ্যদের চাকরি গেল, সুবীরেশের গেল ‘ডক্টরেট’! ডিগ্রি কাড়লেন বিচারপতি