
শেষ আপডেট: 2 December 2023 17:20
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: দু’পক্ষের বক্তব্য শুনে সত্যিটা বার করে নেওয়া মোটেই সহজ নয় বলে মনে করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কর্মদক্ষতা প্রসঙ্গে শনিবার তিনি বলেন, প্রত্যেক বিচারপতি তাঁদের চূড়ান্ত সময় দিয়ে, সেই সকাল ন’টা-সাড়ে ন’টা থেকে রাত সাড়ে আটটা-ন’টা পর্যন্ত কাজ করেন। কাজের যেমন চাপ! দু-পক্ষের বক্তব্য শুনে সত্যিকে বার করে নেওয়া খুবই কঠিন কাজ। তাতে তো সময় কিছুটা লাগে।” এরপরেই মজার সুরে বিচারপতি বলেন, “আমাদের এখানে তো এখনও আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স আসেনি। সুইচ টিপে দিলেই হল।”
শনিবার সকালে মুর্শিদাবাদ সফরে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিনভর জেলায় ছিল তাঁর একাধিক কর্মসূচি। বহরমপুর থেকে এদিন লালবাগের হাজারদুয়ারী প্যালেস সফরেও যান তিনি। বহরমপুরে শহিদ ক্ষুদিরাম পাঠাগারে একটি ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের উদ্বোধন করেন। একইসঙ্গে ক্ষুদিরাম পাঠাগারের লাইব্রেরি ও রিডিং রুমেরও উদ্বোধন করেন। শহরের রবীন্দ্রসদনে মুক্তমঞ্চে একটি সেমিনারেও বক্তব্য রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
বহরমপুরে ক্যান্সার প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের উদ্বোধন করে সাংবাদিকদের বলেন, “এদের কাজকর্মের ব্যপ্তি ক্রমশ বাড়ছে। কুড়িটি বেডের হাসপাতাল আছে যেখানে চিকিৎসা হয়। ক্যান্সারের ট্রিটমেন্ট ছোট ব্যাপার নয়, যারা এখান থেকে উপকৃত হন তারা বুঝতে পারেন এর প্রয়োজনীয়তা কতটা। এটা দেখে সত্যি আশ্চর্য হয়েছি স্বেচ্ছা শ্রম দিয়ে এরকম একটি সংগঠন চলতে পারে।”