বছরের শুরুতেই জঙ্গি তাণ্ডব শ্রীনগরে, সিআরপিএফের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরু থেকেই রক্ত ঝরছে উপত্যকায়। কখনও পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টর কখনও নওসেরা সেক্টরে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে জঙ্গিরা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে পাক অনুপ্রবেশকারীরা। মাস দুয়েক আগ
শেষ আপডেট: 3 January 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরু থেকেই রক্ত ঝরছে উপত্যকায়। কখনও পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টর কখনও নওসেরা সেক্টরে সেনা জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে জঙ্গিরা। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে পাক অনুপ্রবেশকারীরা। মাস দুয়েক আগেই গ্রেনেড হামলায় কেঁপে উঠেছিল শ্রীনগরের কাশ্মীর বিশ্ববিদ্যালয় চত্বর। ফের গ্রেনেড হামলা হল শ্রীনগরে। এবার সিআরপিএফের টহলদারি গাড়িক নিশানা করল জঙ্গিরা।
শনিবার সকালে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীনগরের কওদারা এলাকা। সেনা সূত্রে খবর, সিআরপিএফের একটি টহলদারি ভ্যানের কাছে গ্রেনেডটি ছুড়ে ফেলা হয়। বিস্ফোরণে উড়ে যায় একটি ট্রান্সফর্মার। হতাহতের এখনও কোনও খবর মেলেনি।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট বলছে, নিয়ন্ত্রণরেখার কাছে অতিরিক্ত সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা। রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে পাক অনুপ্রবেশকারীদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন দুই জওয়ান। এ দিকে পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে দফায় দফায় গুলি বিনিময় চলছে পাক সেনাদের। সেনা সূত্র জানাচ্ছে, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের পর থেকেই নিয়ন্ত্রণরেখায় লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পর থেকে উপত্যাকার জইশ ঘাঁটিগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে বলেই গোয়েন্দা সূত্রে খবর। নাশকতায় লাগাম পরাতে তাই দেশের তিন এলিট ফোর্সকে এক ছাতার তলায় আনার কথা আগেই ঘোষণা করা হয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। প্রতিরক্ষার তিনটি বাহিনীকে নিয়ে গঠন করা হয়েছে ‘আর্মড ফোর্সেস স্পেশাল অপারেশন ডিভিশন।’ মেরিন কম্যান্ডো ফোর্স বা মার্কোস-কে নিয়োগ করা হয়েছে উলার লেকের সংলগ্ন এলাকায়। বায়ুসেনার গরুড় সক্রিয় রয়েছে লোলাব ও হাজিন এলাকায়।
সেনা সূত্রে খবর, উপত্যকার নানা জায়গায় সেনা টহলদারি অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই এভাবে বিচ্ছিন্ন হামলা চালিয়ে উত্তেজনার আবহ জিইয়ে রাখতে চাইছে জঙ্গিরা।