দ্য ওয়াল ব্যুরো: নিজে রাজকুমারী। কিন্তু প্রেমে পড়ে বিয়ে করেছিলেন সাধারণ পরিবারের এক যুবককে। কিন্তু একুশ বছর পরে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন জয়পুর রাজপরিবারের কন্যা ও বিজেপি বিধায়ক দিয়া কুমারী।
জয়পুরের শেষ মহারাজ সওয়াই ভবানী সিংয়ের মেয়ে দিয়া কুমারী সাধারণ পরিবারের সন্তান নরেন্দ্র সিংকে বিয়ে করেছিলেন ১৯৯৭ সালে। এই বিয়ে নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল রাজপরিবার ও স্থানীয় মানুষের মধ্যে। তার মূল কারণ ছিল দিয়া ও নরেন্দ্র এক গোত্রের। তাই রাজপুত প্রথা অনুযায়ী ওই বিয়ে হতে পারে না। কিন্তু বেঁকে বসেছিলেন রাজকুমারী। তাই ১৯৯৭ সালে দিয়ার বিয়ে হয়ে যায় নরেন্দ্রর সঙ্গেই। গত ২০১৩ সালে বিজেপি-র হয়ে সওয়াই মাধোপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান দিয়া। জিতেও যান।
সম্প্রতি জয়পুর আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জানিয়েছেন দিয়া। তিনি ও নরেন্দ্র এক যৌথ বিবৃতিতে বলেছেন, আমরা দুজনেই জানাচ্ছি এই সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত ও এই নিয়ে আমরা বেশি কিছু বলতে চাই না। তবে আমরা যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছি আমরা বন্ধুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ ভাবে এই বিচ্ছেদে যাচ্ছি।