দ্য ওয়াল ব্যুরো: বাজল ভোটের ঘণ্টা। তিন-তিনটে বছর পরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রভোটের দিন ঘোষণা হয়ে গেল। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখে ছাত্রভোট অনুষ্ঠিত হবে সেখানে।
কয়েক দিন আগেই ছাত্রভোট হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এবার দামামা বেজে গেল যাদবপুরেও। তিন বছর ভোট না হওয়ার পরে, শেষমেশ ছাত্রদের দাবি জিতেছে। আসন্ন এই ভোট-উৎসব ঘিরে রীতিমতো চনমন করছেন পড়ুয়ারা। কর্তৃপক্ষ জানিয়েছেন, কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং এই তিন বিভাগেই ১৯ তারিখে হবে ভোট। ২০ তারিখে হবে গণনা।
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে জেতার পরে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। তার পরেই সরকারি নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়, রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে আর ছাত্র সংসদ ভোট হবে না। নতুন ছাত্র কাউন্সিল গঠন করা হবে তার বদলে।
তৃণমূল সরকারের এই ঘোষণার পরেই বিশ্ববিদ্যালয়ের এই কাউন্সিল মডেল অগণতান্ত্রিক বলে দাবি করে ছাত্রসংগঠনগুলি। অভিযোগ করে, এই পদ্ধতি ছাত্রস্বার্থ বিরোধী। প্রতিবাদে পথে নামে যাদবপুর-প্রেসিডেন্সি সহ একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজ্য জুড়ে একাধিক বার প্রতিবাদ কর্মসূচীরও ডাক দেয় ছাত্রসংগঠনগুলি। কিন্তু ছাত্রভোটের অনুমতি মেলেনি।
শেষমেশ কলেজের ছাত্র-প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরে খানিক সুর নরম করে তৃণমূল সরকার। সিদ্ধান্তের অধিকার বর্তায় কলেজ-বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের উপর। ঠিক হয়, কর্তৃপক্ষই ঠিক করবেন ছাত্র সংসদের ভোট হবে নাকি কাউন্সিল ভোট হবে। এর পরেই প্রেসিডেন্সি কর্তৃপক্ষের সিদ্ধান্তে ছাত্রভোট অনুষ্ঠিত হয়। তেমনটাই হতে চলেছে যাদবপুরেও।
তবে যাদবপুরে কাউন্সিল মডেল পুরোপুরি ওঠানো হচ্ছে না। সেই নতুন কাউন্সিলের নিয়মবিধি অনুসারে ছাত্র সংসদের সভাপতি, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ নির্বাচন করবেন প্রতিষ্ঠানের প্রধান।