
শেষ আপডেট: 21 February 2023 12:04
দ্য ওয়াল ব্যুরো: সলমন রুশদির (Salman Rushdie) হামলাকারীকে এবার পুরস্কৃত করতে চলেছে ইরানের এক ফাউন্ডেশন (Iranian foundation)। আশ্চর্য লাগলেও এটাই সত্যি যে, এই হামলার প্রশংসাও করেছে সেই ফাউন্ডেশনের কর্তাব্যক্তিরা। জানা গেছে, সেই হামলাকারীকে ১০০০ বর্গমিটার কৃষি জমি পুরস্কার দিতে চলেছে তাঁরা।
উল্লেখ্য, অগস্ট মাসে নিউইয়র্কে ছুরির হামলার পরে আশঙ্কাজনক অবস্থায় যমে-মানুষে লড়াই করে প্রাণ বাঁচলেও মোটেই পুরোপুরি সুস্থ হননি লেখক সলমন রুশদি। ঘটনার বেশ কয়েকমাস পরে লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি জানিয়েছিলেন, এই মারাত্মক হামলা রুশদির জীবনটাই বদলে দিয়েছে। ভয়াবহ, গভীর ক্ষত সামলে বেঁচে উঠলেও, অনেকটাই শারীরিক ক্ষতি হয়ে গেছে লেখকের।
আর এতেই যেন খুশির জোয়ার ইরানের ওই সংস্থায়। ওই ফাউন্ডেশনের সেক্রেটারি মহম্মদ ইসমাইল জারেই বলেছেন, "আমরা আন্তরিকভাবে ওই তরুণ আমেরিকান যুবকের সাহসী পদক্ষেপকে ধন্যবাদ জানাই যে রুশদির একটি চোখ অন্ধ করে এবং তাঁর একটি হাত অক্ষম করে মুসলমানদের খুশি করেছিলেন।"
এরপর তিনি আরও বলেন, "রুশদি এখন বেঁচে থেকেও মৃত। ওই যুবকের এই সাহসী পদক্ষেপকে সম্মান জানাতে প্রায় ১০০০ বর্গমিটার চাষের জমি ওই ব্যক্তিকে দান করা হবে।"
উল্লেখ্য, আশির দশকের শেষ থেকে তাঁর লেখা বই স্যাটানিক ভার্সেসের জন্য মৌলবাদীদের বিষনজরে রয়েছেন রুশদি। তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানাও জারি হয়েছিল। গত ২০ বছর ধরে আমেরিকাতেই থাকছিলেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত এই লেখক ১৩ বছর বেনামে কাটিয়েছেন। পুলিশি পাহারাতেই থাকেন তিনি। তবু বিপদ এড়ানো যায়নি।
সলমন রুশদির একটি চোখ নষ্ট, অকেজো হাতও! নিউ ইয়র্কের সেই ছুরি হামলায় চরম ক্ষতি লেখকের