
শেষ আপডেট: 5 January 2024 13:29
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার জাদুঘরে এবার বোমাতঙ্ক। শুক্রবার সকালে কলকাতা পুলিশের কাছে একটি ইমেল আসে। সেই ইমেলে হুমকি দেওয়া হয়, জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। সেই ইমেল পাওয়ার পরেই তৎপরতা দেখা যায় লালবাজারে। গোটা জাদুঘর ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। বম্ব স্কোয়াডের সদস্যরাও এসে পৌঁছেছে।
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে কলকাতা পুলিশের কাছে একটি ইমেল আসে। সেই ইমেলে দাবি করা হয়, কলকাতার ভারতীয় জাদুঘরে একটি বোমা রাখা আছে! সেই বোমা ফাটিয়ে উড়িয়ে দেওয়া হবে জাদুঘর।
জানা গেছে, একটি স্বঘোষিত জঙ্গি সংগঠন এই ইমেলটি পাঠিয়েছে। কলকাতা পুলিশের নিজস্ব ইমেল আইডি-তে ওই সংগঠনটি এই হুমকি বার্তা পাঠায়। ইমেল পাওয়ার পরেই আতঙ্ক ছড়ায়। ইমেলটি পাওয়া মাত্রই ব্যবস্থা নিতে শুরু করে কলকাতা পুলিশ। তড়িঘড়ি বিষয়টি মিউজিয়াম কর্তৃপক্ষকে জানানো হয়।
তারপরই মিউজিয়াম চত্বরে ছুটে যান কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। কলকাতা মিউজিয়ামের ভেতরে ও বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। গোটা জাদুঘর খালি করানোর নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ। বম্ব স্কোয়াড ও কলকাতা পুলিশের কর্মীরা মিউজিয়ামের ভেতরে আতিপাতি করে খুঁজছেন। যদিও এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, অর্থাৎ দুপুর একটা পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু মেলেনি।
কলকাতা পুলিশের এক আধিকারিকের কথায়, এই ঘটনা নজিরবিহীন। তবে এই ইমেলের কতটা গুরুত্ব রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। মিউজিয়ামের মধ্যে কোনও পর্যটককে ঢুকতে দেওয়া হচ্ছে না। পরে পরিস্থিতি বিচার করে ফের পর্যটকদের জন্য মিউজিয়ামের দরজা খুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে।