
শেষ আপডেট: 18 August 2023 09:52
দ্য ওয়াল ব্যুরো: ডলারের (dollar) বিনিময়ে ভারতীয় মুদ্রার (Indian currency) ভয়ানক পতন হল। এতটাই যে এবার প্রতি ডলারের বিনিময়ে ভারতীয় মুদ্রা নেমে গেল ৮৩ টাকার চেয়েও বেশি। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে অর্থাৎ ১৮ অগস্ট দুপুর সওয়া দুটো নাগাদ ভারতীয় মুদ্রার মূল্য দাঁড়িয়েছে ৮৩ টাকা ১২ পয়সা।
মুদ্রার এই অবমূল্যায়নের নেপথ্যে আন্তর্জাতিক কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা অনেকে মনে করছেন, দু-তিনটি কারণে এটা হচ্ছে। প্রথমত, মার্কিন ফেডারেল রিজার্ভ দীর্ঘ মেয়াদে সুদের হার বাড়িয়ে রাখতে পারে। সেই উৎকণ্ঠা থেকে মুদ্রার অবমূল্যায়ন হচ্ছে। চিনের মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন ঘটেছে। তাতে রফতানি বাণিজ্যে প্রতিযোগিতা বেড়েছে। সেই কারণেও টাকার দামে পতন ঘটে থাকতে পারে।
চলতি সপ্তাহে ইউয়ানের মূল্য ০.৬ শতাংশ কমেছে। এ বছর সামগ্রিক ভাবে তা কমেছে ৫.৩ শতাংশ। চিনের ঘরোয়া বাজারে ঋণ সংকট চলছে। প্রপার্টি তথা রিয়েল এস্টেট সেক্টরে বৃদ্ধি কমেছে। ফলে ঋণের বোঝা ক্রমশ বাড়ছে।
আবার অনেকের মতে যেহেতু ভারতে উপভোক্তা মূল্যসূচক জুলাই মাসে ৭.৪৪ শতাংশে পৌঁছেছে, তার ফলেও মুদ্রার উপর একটা চাপ তৈরি হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের প্রত্যাশা ছিল মুদ্রাস্ফীতির হার ৬ শতাংশের মধ্যে থাকবে। কিন্তু খাবার দাবার বিশেষ করে শাক সবজির দাম বাড়ায় মুদ্রাস্ফীতির হার গত মাসে এই প্রথম ৭ শতাংশ ছাপিয়ে গিয়েছে। এর ফলে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার চড়াই রাখবে। তাই ভারতীয় মুদ্রার পতনের জন্য সেটাও একটা কারণ হতে পারে।
আরও পড়ুন: ব্যাঙ্কগুলো ভুজুংভাজুং দিয়ে আর পেনাল্টি নিতে পারবে না, রিজার্ভ ব্যাঙ্কের নতুন ৭ নির্দেশ