
শেষ আপডেট: 31 July 2022 13:49
দ্য ওয়াল ব্যুরো: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) শেষ চারে যাওয়ার লড়াইয়ে টিকে থাকল ভারত। এদিন পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে বিরাট জয় হাসিল করে হরমনপ্রীত কৌরের বাহিনী। 'ডু অর ডাই' ম্যাচে এদিন নেমেছিল ব্লু ব্রিগেড। প্রথম ম্যাচে জয় কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল ভারতের তাই এই ম্যাচ জিততে হত। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শেষ চারের লড়াইয়ে বাজিমাত করল নীল বাহিনী (Team India)।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ভারত। কিন্তু অল্পের জন্য জয় পাননি স্মৃতি মান্ধানা, হরমপ্রীতরা। কিন্তু এদিনের ম্যাচে সেই হারের আফসোস পূরণ করল ভারতের মহিলা বাহিনী। টস জিতে এদিন প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান (Pakistan)।
কিন্তু ভারতের বোলিং ব্রিগেডের সামনে ১০০ এর গণ্ডিও পেরোতে পারেনি পাকিস্তানের মহিলা বাহিনী। বৃষ্টি বিঘ্নিত দিনে ১৮ ওভারের ম্যাচ হয় এজবাস্টনে। কিন্তু নির্ধারিত ১৮ ওভারে ৯৯ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
শুন্য রানেই উইকেট খুইয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। মেঘনা সিংয়ের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন পাকিস্তানের ওপেনার ইরাম জাভেদ। তবে পরে ম্যাচের হাল ধরেন আরেক ওপেনার-উইকেটকিপার মুনিবা আলি ও অধিনায়ক বিসমা মারুফ। ৫০ রানের এক পার্টনারশিপ গড়েন দু'জনে। কিন্তু তার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং ব্রিগেড।
ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত উইকেট পড়তে থাকে পাকিস্তানের। এদিনের ম্যাচে দুটি করে উইকেট নেন স্নেহ রানা ও রাধা যাদব। একটি করে উইকেট পান রেনুকা সিং, মেঘনা সিং ও শেফালি ভার্মা। তাঁদের দাপটে ৯৯ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১১.৪ ওভারের প্রয়োজনীয় রান তুলে নেন স্মৃতি মান্ধানারা। এদিনের ম্যাচে ওপেন করতে নেমে শেষ পর্যন্ত টিকে থাকে স্মৃতি। করেন অপরাজিত ৬৩ রান। এদিন তিনি তাঁর ইনিংস সাজিয়েছেন ৮টি চার ও তিনটি লম্বা ছয়ে। বলাই চলে তিনি একাই এদিন শেষ করে দেয় পাকিস্তানের বোলিং ব্রিগেডকে। আগামী ৩ অগস্ট ফের মাঠে নামবেন হরমনপ্রীতরা।
কমনওয়েলথে আবার সোনা! ভারোত্তোলনে এবার সেরা জেরিমি, ভারতের জয়জয়কার