
শেষ আপডেট: 12 May 2023 07:42
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ইন্ডিয়া (Netflix India) এবার আয়করের আওতায় আসতে পারে। ভারতের আয়কর দফতরের (Income Tax department) পক্ষ থেকে তেমন সম্ভাবনার কথাই শোনা যাচ্ছে।
ইকনমিক টাইমসের রিপোর্ট বলছে, নেটফ্লিক্স ইন্ডিয়ার স্ট্রিমিং পরিষেবা থেকে প্রাপ্ত আয়ের উপর এবার কর চাপানোর চিন্তাভাবনা করছে কেন্দ্রের মোদী সরকার। জানা যাচ্ছে, আয়কর বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রথম কোনও বিদেশি ডিজিটাল ই-কমার্স সংস্থার থেকে আয়কর গ্রহণ করা হবে।
কেন এই পদক্ষেপ? আয়কর সংস্থা জানিয়েছে, দেশে আমেরিকার এই বহুজাতিক সংস্থাটির স্থায়ী কার্যালয় আছে। ফলে স্বাভাবিকভাবেই তারা আয়করের অধীনে আসবে। আয়কর সূত্রে খবর তাদের ড্রাফ্ট অর্ডারে ২০২১- ২২ অর্থবর্ষে নেটফ্লিক্স ইন্ডিয়ার ৫৫ কোটি টাকা আয়ের তথ্য উল্লিখিত ছিল। এছাড়াও আয়কর কর্তাদের দাবি, স্ট্রিমিং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে নেটফ্লিক্স ইন্ডিয়ার পর্যাপ্ত পরিকাঠামো ও কর্মী আছে। সেটাও আয়করের অধীনে আসার ক্ষেত্রে যথেষ্ট।
২০১৬ সালে নেটফ্লিক্স ভারতে স্ট্রিমিং পরিষেবা শুরু করে। এই মুহূর্তে তাঁদের সাবস্ক্রাইবার ৬ মিলিয়নেরও বেশি। সংস্থাটির কাছে ভারত সবসময়ই একটি বিরাট বাজার। ২০২২ সালে গোটা পৃথিবীর প্রেক্ষিতে ভারতে তাদের গ্রাহক সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এই বিরাট বাজারে নেটফ্লিক্সের লাভের অঙ্কও যথেষ্ট। তাই সংস্থাটির উপর আয়কর চাপানোর ভাবনাচিন্তা চলছে, অভিমত সংশ্লিষ্ট শিল্পের পর্যবেক্ষকদের।
কল্যাণী কাজি প্রয়াত, গানের জগতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন নজরুল ইসলামের পুত্রবধূ