
শেষ আপডেট: 10 August 2023 15:09
দ্য ওয়াল ব্যুরো: ভারতে ওয়ান ডে বিশ্বকাপ (ICC Cricket World Cup) শুরু হতে আর বাকি আড়াই মাসের মতো। তার মধ্যেই নানা কৌতূহল ভিড় করতে শুরু করেছে। বলা হচ্ছে, কবে থেকে পাওয়া যাবে মেগা ইভেন্টের টিকিট?
৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের (World Cup Tickets) ম্যাচগুলি। সারা দেশে মোট দশটি কেন্দ্রে ম্যাচ হবে। গতকাল আইসিসি ফের সূচির রদবদল করার পরে জানানো হয়েছে, ২৫ অগস্ট থেকে টিকিট বিক্রি শুরু হবে। কিন্তু তার আগে ১৫ অগস্ট থেকে কিছু কাজ করতেই হবে, যাঁরা মাঠে বসে ম্যাচ দেখতে চান।
১৫ অগস্ট মঙ্গলবার থেকে আইসিসি-র বিশ্বকাপ https://www.cricketworldcup.com/register - এই সাইটে গিয়ে নিজেদের নাম আগে নথিভুক্ত করতে হবে। এই নাম নথিভুক্ত করা থাকলে ১০ দিন পরে কাউন্টার থেকে টিকিট নিতে গেলে অনেকটাই সুবিধা পাওয়া যাবে।
আরও একটি বিষয়, যে সমর্থকরা বাড়ি বসে ছাপানো টিকিট পেতে চান, তাঁরা ১৪০ টাকা বাড়তি খরচ করলেই ক্যুরিয়র সার্ভিসে বাড়িতে সেই টিকিট পেয়ে যাবেন। এটি শুধুমাত্র ভারতের জন্যই প্রযোজ্য।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, এবার অনলাইনে টিকিট কাটলেও ছাপানো টিকিট মাঠের গেটে দেখাতে হবে। বারকোড সম্বলিত টিকিট লাগবেই। কারণ সেটি হলে কালোবাজারী আটকানো যাবে।
আইসিসি ঘোষণা করেছে যে, বিশ্বকাপের টিকিট কয়েক দফায় বিক্রি করা হবে। ভারতের ম্যাচের টিকিট পাওয়া যাবে ৩০ অগস্ট থেকে। আর ১৪ অক্টোবর আমদাবাদে ভারত ও পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের টিকিটের বুকিং ৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে। বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালের টিকিট পাওয়া যাবে ১৫ সেপ্টেম্বর থেকে।
ইস্টবেঙ্গল তাঁবুর সামনে তুমুল বিক্ষোভ, স্লোগান উঠল, ‘ডুরান্ড কমিটি হায়- হায়’