ঘটনার খবর পেয়ে মদনের মা ও দিদি নেশা মুক্তি কেন্দ্রে যান। রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

শেষ আপডেট: 12 September 2025 11:25
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: উত্তরপাড়ার নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারকে শিলনোড়া দিয়ে থেঁতলে খুন করে পলাতক ২ আবাসিক! চাঞ্চল্যকর ঘটনার তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।
উত্তরপাড়ার ১১ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় টাইম টু চেঞ্জ নামে একটি নেশা মুক্তি কেন্দ্র রয়েছে। যার কর্ণধার ছিলেন মদন রানা। মদন দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের প্রাক্তন স্বামী। শুক্রবার ভোরে ওই নেশামুক্তি কেন্দ্রের দুই আবাসিক মদনকে শিলনোড়া দিয়ে মাথা থেঁতলে খুন করে বলে অভিযোগ। অন্য এক আবাসিককেও মারধর করে পালিয়ে যায় তারা।
ঘটনার খবর পেয়ে মদনের মা ও দিদি নেশা মুক্তি কেন্দ্রে যান। রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। মদন রানার বিরুদ্ধেও এর আগে প্রতারণার অভিযোগে উঠেছিল। গ্রেফতার হয়েছিলেন। তিনি নিজেও নেশা করতেন বলে অভিযোগ। বছর পাঁচেক আগে উত্তরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে নেশা মুক্তি কেন্দ্র খোলেন।
মদনের দিদি নন্দিতা ভার্মা বলেন,"পৌনে সাতটা নাগাদ খবর পাই ভাইকে মারধর করা হয়েছে।তারপর সেন্টারে এসে আমরা দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখনও আমার ভাই এর শ্বাস চলছিল। শুধু মাথায় আঘাত করেছে, শরীরে কিছু করেনি। ডাক্তার দেখে বলল, আর একটু আগে আনতে পারলেন না। ২০-২২ জন আবাসিক ছিল।এই ঘটনার পর তারা বেশিরভাগই চলে গেছে ট্রেন ধরে।"
পুলিশ সূত্রে জানা গেছে, ওই আবাসিকরা পুজোর আগে বাড়ি যেতে চাইছিল। তাদের ছাড়তে রাজি ছিলেন না মদন।
তাই নিয়ে বচসা হয়। আজ ভোরে রান্নাঘরের চাবি খুলে শিলনোড়া নিয়ে এসে নেশা মুক্তি কেন্দ্রের মালিকের উপর চড়াও হয় অভিযুক্ত আবাসিকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করছে পুলিশ। অভিযুক্তদের বাড়ি দমদম-বেলঘড়িয়া এলাকায় বলে জানা গেছে। তাদের গ্রেফতার করতে তৎপর হয়েছে পুলিশ।