
সুপ্রিম কোর্টের নির্দেশের পরও উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা
শেষ আপডেট: 17 May 2024 21:01
দ্য ওয়াল ব্যুরো: ফের উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা। রাজ্য সরকারের দেওয়া তালিকায় ১৫টি নামের মধ্যে ৭টিতে আপত্তি জানিয়েছেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তবে বাকি আটটি নামে সায় রয়েছে তাঁর। এক সপ্তাহের মধ্যে আটজনকে নিয়োগ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
শুক্রবারের মধ্যে সুপ্রিম কোর্টে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ মামলায় রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। সেই রিপোর্টে রাজ্য সরকারের পেশ করা তালিকার সাতটি নামে সন্তুষ্ট নন সিভি আনন্দ বোস। এক্ষেত্রে ফের তালিকা দেবে রাজ্য সরকার। সেই তালিকা থেকে আরও ৭ উপাচার্যকে বাছাই করা হবে। এরপর গ্রীষ্মবকাশের মধ্যেই সার্চ কমিটি গঠন করে দেবে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি আগামী ১২ জুলাই।
বহুদিন যাবৎ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে জল। সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, কোনও বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন রাখা চলবে না। ১৫ জনকে দ্রুত নিয়োগের নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু শুক্রবার সর্বোচ্চ আদালতে মামলার শুনানিতে রাজ্য সরকারের পেশ করা তালিকার ৭টি নামে রাজ্যপালের ফের আপত্তি উঠে এসেছে। যার ফলে আবারো উপাচার্য নিয়োগ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল আনন্দ বোস। উচ্চশিক্ষা দফতরের অভিযোগ ছিল, তাদের না জানিয়েই নিজের পছন্দ মতো ব্যক্তিদের নিয়োগ করছেন বোস। এই পরিস্থিতিতে গত সোমবার রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক কল্লোল পালকে ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে। তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে আশুতোষ ঘোষকে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক।