দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখে চিৎকার শুরু করে দেন যাত্রীরা। ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে জেনারেটার কারেও। ট্রেনের গতি কমার আগে কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ।
বৃহস্পতিবার বিকেলের দিকে আগুন লাগে কামাখ্যা এক্সপ্রেসে। মির্জাপুর জেলার কৈলহাট গ্রামের কাছে ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। চালক জানিয়েছেন, আগুন দেখেই আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। প্রাণপণে চেন টেনে ট্রেন থামাবার চেষ্টা করেন অনেকে। তবে সতর্ক ছিলেন চালকও। দ্রুত ট্রেনের জেনারেটার কার ও পার্সেল কোচটি বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে দেন। ফলে ট্রেনের কামরাগুলিতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।
"ট্রেন তখন প্রচণ্ড গতিতে ছুটছে। আচমকাই আর্তনাদ শোনা যায়, আগুন, আগুন। আমরা জানলা দিয়ে কালো ধোঁয়াও দেখতে পাই। চালকের বুদ্ধিতে প্রাণ বেঁচেছে আমাদের," জানিয়েছেন ট্রেনের এক যাত্রী।
আগুন লাগার প্রকৃত কারণ এখন জানা যায়নি। রেল সূত্রে খবর, হতাহতেরও কোনও খবর মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে অগ্নিকাণ্ডের জেরে বেশ কয়েক ঘণ্টা দিল্লি-হাওড়া রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।