
শেষ আপডেট: 15 September 2023 14:52
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সন্ধ্যাবেলা ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। চাঁদনি চক (Chandni Chowk) মার্কেটের সামনে এক বহুতলে আচমকাই আগুন লেগে যায় (Fire Broke Out)। বাতাসে হাওয়ার গতি বেশি থাকায়, সেই আগুন দ্রুত ছড়াতে শুরু করেছে। আগুন নেভানোর জন্য দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে।
জানা গেছে, শুক্রবার ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে আগুন লাগে ওই বহুতলে। ৮ নম্বর মদন স্ট্রিটের ওপর অবস্থিত এই বহুতলটি একটি সওদাগরি অফিস। বাড়ির সবচেয়ে ওপরের তলার একটি অফিস ঘরে প্রথমে আগুন লাগে।
ওই অফিসের কর্মীরাই প্রথম আগুন দেখতে পান। অফিসঘর থেকে দ্রুত আগুন ছড়াতে শুরু করে। আগুনের তীব্রতা ক্রমশই বাড়তে থাকে। চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন।
যে বিল্ডিংয়ে আগুন লেগেছে তার পাশেই চাঁদনি মার্কেট। বৈদ্যুতিন জিনিসে ভরা এই মার্কেটে আগুন ছড়িয়ে গেলেই বড়সড় বিপদ ঘটবে। তাই আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে তাঁদের।
ওই বিল্ডিংয়ে এলআইসি অফিস থেকে শুরু করে বড়বড় সংস্থার অফিস রয়েছে। এমনকী কোয়ার্টারও আছে। ফলে বেশ কয়েকটি পরিবারের বাস এখানে। প্রত্যক্ষদর্শীদের কথায়, যে ঘরে আগুন লেগেছে সেখানে এসি রয়েছে। সেখান থেকেই আগুন লেগেছে বলে অনুমান তাঁদের। যদিও দমকল সূত্রে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানায়নি।
এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্তও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবে এই ঘটনায় হতাহতের খবরও মেলেনি। আগুন নিয়ন্ত্রণে আনার পরেই ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা সম্ভব হবে।
আরও পড়ুন: ডেঙ্গি আক্রান্ত তরুণ চিকিৎসকের মৃত্যু কলকাতায়, চলতি বছরে প্রাণ গেল ২৫ জনের