
শেষ আপডেট: 7 December 2023 14:06
দ্য ওয়াল ব্যুরো: মানসিক চাপে রয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। সেই কারণেই তিনি গলার স্বরের নমুনা দিতে পারছেন না। এমনটাই দাবি এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের। যা নিয়ে ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছে ইডি। তাই এবার সুজয়কৃষ্ণর মনোরাগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
চলতি সপ্তাহেই কাকুর কন্ঠস্বর পরীক্ষা করতে ঠিক কোন ক্ষেত্রে মানসিক চাপ হচ্ছে সেবিষয়ে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হবে। এরপর সেই পরামর্শ মতো ইএসআই হাসপাতালে নমুনা সংগ্রহের জন্য পাঠানো হবে বলে ইডি সূত্রের খবর। এসএসকেএম হাসপাতালোর পাঠানো তথ্য খতিয়ে দেখবে কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারীরা।
মেডিক্যাল বোর্ড ‘কালীঘাটের কাকু’কে দেখছে, তার নিরপেক্ষতা, স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে ইডি। তদন্ত প্রক্রিয়ায় বাধা দিতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ ইডির। আর তাই এবার কাকু-র মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে চায় ইডি।
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে একটি অডিও রেকর্ডিং পায় ইডি। সেখানে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর রয়েছে বলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি। ওই গলার স্বরের নমুনা মিলিয়ে দেখতে চায় ইডি। বর্তমানে ‘কালীঘাটের কাকু’ ভর্তি এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের মেডিক্যাল রিপোর্টে সবুজ সংকেত না পাওয়ায় আদালতের নির্দেশের পরেও গলার স্বরের নমুনা সংগ্রহ করা সম্ভব হচ্ছে না বলে দাবি ইডির।
সূত্রের খবর, হাসপাতালের তরফে প্রথমে ‘কালীঘাটের কাকু’কে ফিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তবে ইডির দাবি, এসএসকেএমের তরফে সম্প্রতি জানানো হয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্র মানসিক চাপে রয়েছেন। এই মুহূর্তে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হলে চাপ আরও বাড়তে পারে বলেও দাবি। এদিকে, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করতে হবে ইডিকে। তাই ইডির তরফেই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হবে।