রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক আইপ্যাক অভিযান এবং তার জেরে রাজ্য সরকারের সঙ্গে ইডির সংঘাতের আবহেই এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।

শেষ আপডেট: 23 January 2026 00:06
দ্য ওয়াল ব্যুরো: পরিকল্পনা মতো বৃহস্পতিবার রাতে কলকাতায় এলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ডিরেক্টর রাহুল নবীন (ED Director Rahul Naveen, Kolkata)। তিন দিনের সফরে রাজ্যে এসেছেন তিনি। তবে এই সফরের নির্দিষ্ট কারণ নিয়ে সরকারি ভাবে কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজনৈতিক মহলের একাংশের মতে, সাম্প্রতিক আইপ্যাক অভিযান এবং তার জেরে রাজ্য সরকারের সঙ্গে ইডির সংঘাতের আবহেই এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি তৃণমূলের ভোট কৌশল নির্ধারণকারী সংস্থা আইপ্যাকের কলকাতার অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেই সময়ই নাটকীয় ভাবে ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা।
বর্তমানে তৃণমূলের ভোট সংক্রান্ত কাজকর্ম সামলাচ্ছে আইপ্যাক। শাসকদলের অভিযোগ, বিজেপির হয়ে ইডি ব্যবহার করে তৃণমূলের প্রার্থীতালিকা ও দলের অভ্যন্তরীণ তথ্য হাতানোর চেষ্টা করা হয়েছিল।
তৃণমূলের আরও অভিযোগ, আইপ্যাক অফিসে থাকা একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক নথি ‘বাজেয়াপ্ত’ করতে চেয়েছিল ইডি। তল্লাশি শেষে অফিস ও প্রতীকের বাড়ি থেকে কিছু কাগজপত্র হাতে নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পরে মমতা স্পষ্ট করেন, তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে নয়, তৃণমূল কংগ্রেসের ‘চেয়ারপার্সন’ হিসেবেই সেখানে উপস্থিত ছিলেন।
এই ঘটনার পরেই ইডি সরব হয়। বিষয়টি দ্রুত গড়ায় আদালতে। কলকাতা হাইকোর্ট হয়ে মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। ইডির তরফে মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। এমনকি পুরো ঘটনার সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে। অন্যদিকে, ইডির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ করেছে কলকাতা ও বিধাননগর পুলিশ। পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থও হয়েছে ইডি। আপাতত আদালতের নির্দেশে ইডির বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ স্থগিত রয়েছে।
আইপ্যাক-কাণ্ডের সেই রেশ কাটার আগেই আবার পশ্চিমবঙ্গে পা রাখলেন ইডির শীর্ষকর্তা। সূত্রের খবর, শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রাজ্যের ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রাহুল নবীন। শনিবার তাঁর দিল্লি ফেরার কথা। এই তিন দিনই রাজ্যের সব ইডি আধিকারিককে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই বৈঠকে আইপ্যাক-কাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।