
শেষ আপডেট: 17 September 2022 11:04
দ্য ওয়াল ব্যুরো: পাল্টে যাচ্ছে ভারতীয় ঘরোয়া ক্রিকেটের (Domestic Cricket) নিয়ম। অনেকটা ফুটবলের ধাঁচে এবার ক্রিকেটেও ম্যাচ চলাকালীন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দল। অর্থাৎ যেকোনও একজন খেলোয়াড়কে তুলে নামাতে পারবেন রিজার্ভ বেঞ্চে থাকা অন্য একজনকে।
বিসিসিআই (BCCI) সূত্রে খবর, আপাতত ঘরোয়া টি২০ লীগে বিশেষত সৈয়দ মুস্তাফা আলি টুর্নামেন্টে এই নিয়ম প্রযোজ্য হবে। আগামী মাস থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট থেকেই 'ইম্প্যাক্ট প্লেয়ার' (Impact Player) বা পরিবর্তিত খেলোয়াড় ব্যবহারের নিয়ম প্রযোজ্য হবে। তবে এটা এখন পরীক্ষামূলকভাবেই চলবে।
এই নিয়ম অনুযায়ী টসের সময়ই দুই দলের অধিনায়ককে এবার থেকে ১১ নয় ১৫ জন খেলোয়াড়ের নামই জানাতে হবে। খেলা চলাকালীন অতিরিক্ত ৪ জনের মধ্যে একজনকে ম্যাচে খেলানো যাবে। শুধু ফিল্ডিং নয়, ব্যাটিং ও বোলিংও করতে পারবেন সেই খেলোয়াড়।
বিসিসিআই সূত্রে খবর, এই ব্যাপারে বোর্ডের তরফে সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে। নিয়ম অনুযায়ী, প্রতি ইনিংসে দলগুলি ১৪ তম ওভারের আগে এই পরিবর্তন করা যাবে। বাকি ওভার সেই প্লেয়ার ব্যাট ও বল করতে পারবেন।
এতে সুবিধা কী হবে?
বোর্ড সূত্রে খবর, যদি কোনও দল প্রথম ব্যাট করতে নেমে পর পর উইকেট হারাতে থাকে তাহলে রানের প্রয়োজনে একজন ব্যাটার খেলাতে পারে দল। যাতে তাঁর ব্যাটিংয়ের জোরে ভাল স্কোরে পৌঁছন যায়। অন্যদিকে উইকেটের প্রয়োজনে বোলারও নামাতে পারে।
ফুটবল, বাস্কেট বল, হকিতে এই নিয়ম রয়েছে। এবার সেই ধাঁচেই ক্রিকেটেও একই নিয়ম চালু করার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের তরফে জানানো হয়েছে, সৈয়দ মুস্তাফা আলি ট্রফিতে পরীক্ষামূলকভাবে এই নিয়মে খেলা হবে। যদি দেখা যায় এতে দল ও খেলোয়াড়দের উন্নতি হচ্ছে, খেলার মান বাড়ছে তবে অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টেও একই চালু করা হবে।
বোলারের থ্রোতে মাটিতে লুটিয়ে পড়েন ভেঙ্কটেশ আইয়ার! দলীপ ট্রফিতে দুর্ঘটনা