
শেষ আপডেট: 25 May 2023 07:50
দ্য ওয়াল ব্যুরো: তাঁর শরীর ভাল নয়। গত কয়েকদিন ধরেই দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain) শারীরিক অবস্থা নিয়ে চর্চা চলছে। আপ সূত্রেই দাবি করা হয়েছিল, জেলের ভেতরে অত্যাচার হচ্ছে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর উপরে। শরীর ভেঙে গেছে তাঁর। গত সোমবারও জেলের ভেতরে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী। সেই সময় তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আর এবার বড় ঘটনা ঘটে গেল।
জানা গেছে, জেলের শৌচাগারে মাথা ঘুরে পড়ে গেছেন সত্যেন্দ্র জৈন। এমনিতেই মেরুদণ্ডের সমস্যা ভুগছিলেন তিনি। পড়ে গিয়ে কোমরে বেজায় চোট লেগেছে তাঁর। তিহাড় জেল সূত্রে জানা গেছে, বুধবার রাতে জেলের শৌচাগারে যান সত্যেন্দ্র। এই সময় পা পিছলে পড়ে যান তিনি। জখম দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
গত বেশ কয়েকদিন ধরে মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন আপ নেতা সত্যেন্দ্র জৈন। কয়েকদিন আগে মেরুদণ্ডের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন দীনদয়াল হাসপাতালেই। সেই সময় চিকিৎসকরা সত্যেন্দ্রের একাধিক শারীরিক পরীক্ষার পরামর্শ দিয়েছিলেন। চিকিৎসকদের পরামর্শ মতো গত ২২ মে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল আপ নেতাকে। এর পরেই জেলেই ফিরে আসেন তিনি। জেলের মধ্যে সত্যেন্দ্র জৈনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে দাবি করে সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী অভিষেক মনু সিংভি। গরমের ছুটির জন্য সুপ্রিম কোর্ট বন্ধ থাকায় সত্যেন্দ্রের আইনজীবীকে অবসরকালীন বেঞ্চে আবেদনের জন্য পরামর্শ দিয়েছিলেন ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে ইডিকেও নোটিস ধরানো হয়েছিল। সেই আবেদন জমা পড়ার কয়েকদিনের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন সত্যেন্দ্র জৈন।
বনসহায়ক পদে ২ হাজার জনের প্যানেল বাতিল: চ্যালেঞ্জ মামলার আর্জি শুনল না ডিভিশন বেঞ্চ
সত্যেন্দ্রর আইনজীবী ও আপের তরফে দাবি করা হয়েছিল, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য একেবারেই ভাল নেই। জেলে ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁর ওজন প্রায় ৩৫ কেজি কমে গেছে। রাতে ঘুম হয় না তাঁর। ঘুমোতে গেলে বুকে চাপ লাগে, ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে যায়। স্লিপ অ্যাপনিয়াও নাকি দেখা দিয়েছে তাঁর। ঘুমোতে গেলে বাইপ্যাপ লাগে। এদিকে মেরুদণ্ডের ব্যথা বেড়েছে। স্নায়ুর সমস্যাও দেখা দিয়েছে। অবসাদেও নাকি ভুগছেন সত্যেন্দ্র। তাঁর একাধিক রক্ত পরীক্ষা, এমআরআই করানো হয়েছে।
দীনদয়াল হাসপাতালের ডাক্তাররা বলছেন, সত্যেন্দ্রর ওজন কমেছে। তাঁর পিঠ, কাঁধ ও বাঁ পায়ে ব্যথা রয়েছে। সিটি স্ক্যান ও এমআরআই করানো হয়েছে তাঁর। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হয়েছে প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীকে।
প্রসঙ্গত, গত ২২ মে সত্যেন্দ্রের একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবিতে দেখা গেছে শারীরিক অসুস্থার কারণে রোগা হয়ে গেছেন দিল্লির প্রাক্তন মন্ত্রী। তাঁর সামনে দাঁড়িয়ে আছে দুই পুলিশকর্মী। ছবিটি শেয়ার করে নরেন্দ্র মোদীকে নিশানা করে তোপ দাগেন দিল্লির মুখ্যমন্ত্রী। সত্যেন্দ্রকে জেলের মধ্যে হত্যা করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে অভিযোগ করে ক্ষোভ উগরে দেন।
অরবিন্দ কেজরিওয়াল সরকারের স্বাস্থ্য এবং কারামন্ত্রী ছিলেন সত্যেন্দ্র। এর আগে সত্যেন্দ্রের বিরুদ্ধে জেলে বিশেষ সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছিল। কেজরীওয়াল সরকারের আর এক মন্ত্রী মণীশ সিসোদিয়াও এখন জেলে। কিছুদিন আগে তাঁর উপরেও অত্যাচার হচ্ছে বলে আওয়াজ তুলেছিলেন আপ নেতারা। আদালতে তোলার সময় মণীশের সঙ্গে পুলিশকর্মীরা অভব্য আচরণ করেছেন বলেও অভিযোগ ওঠে।