দ্য ওয়াল ব্যুরো : কয়েক সপ্তাহের মধ্যে দু'বার নির্দেশ দিয়েও প্রত্যাহার করলেন দিল্লির লেফটেন্যান্ট জেনারেল অনিল বাইজাল। প্রথমে তিনি নির্দেশ দেন, রাজধানীতে কারও করোনা পজিটিভ হলেই সরকারি কোয়ারান্টাইন সেন্টারে থাকতে হবে অন্তত পাঁচদিন। দিল্লি সরকারের আপত্তির মুখে এই নির্দেশ প্রত্যাহার করা হয়। পরে তিনি নির্দেশ দেন, প্রত্যেক করোনা রোগীকে সরকারি কোয়ারান্টাইন সেন্টারে গিয়ে স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। চাপের মুখে বৃহস্পতিবার এই নির্দেশও তিনি প্রত্যাহার করে নিয়েছেন।
সারা দেশে এখন করোনা অতিমহামারীর প্রকোপ সবচেয়ে বেশি দিল্লিতে। সেখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। করোনা রোগীর সংখ্যায় মুম্বইকেও পিছনে ফেলে দিয়েছে দিল্লি। অনিল বাইজাল যখন প্রত্যেক করোনা রোগীকে বাধ্যতামূলকভাবে পাঁচদিন সরকারি কোয়ারান্টাইন সেন্টারে রাখার কথা বলেছিলেন, তখন দিল্লি সরকার বলেছিল, সেক্ষেত্রে হাসপাতালে ৯০ হাজার বেড প্রয়োজন হবে। অত বেড কোথায় পাওয়া যাবে?
এর পরে লেফটেন্যান্ট জেনারেল বলেন, যে করোনা রোগীরা বাড়িতেই আলাদা থাকতে পারবেন, তাঁদের সরকারি কোয়ারান্টাইন সেন্টারে আসার দরকার নেই। কিন্তু রোগ ধরা পড়লেই একবার অন্তত সরকারি কোয়ারান্টাইন সেন্টারে যেতে হবে। সেখানে ডাক্তার পরীক্ষা করে দেখবেন, সংক্রমণ মৃদু না গুরুতর।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া বলেন, ঘন ঘন নিয়মকানুন বদলালে মানুষ বিভ্রান্ত হবেন। বুধবার সন্ধ্যায় পাওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় শহরে আক্রান্ত হয়েছিলেন ৩৭৮৮ জন। সারা দেশে কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছেন সাড়ে চার লক্ষ মানুষ। মারা গিয়েছেন ১৪ হাজার ৪৭৬ জন। সারা বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ লক্ষ ৬৫ হাজার ৫৫২ জন। সেরে উঠেছেন ৫২ লক্ষ ৬ হাজার ৪৮৫ জন। মারা গিয়েছেন ৪ লক্ষ ৮৫ হাজার ৬৯০ জন।