দ্য ওয়াল ব্যুরো: পোষা কুকুরের খেলনা টেডিকে সুস্থ করে তুলে অনলাইনে রীতিমতো ভাইরাল হয়ে গেল এক বাবার কীর্তি। ওই বাবার মেয়ে মাইকেলা ঘটনাটি টুইট করার পরেই প্রশংসায় ভেসে যান বাবা, টেরি ওয়ালেস।
পোষা কুকুরগুলি ভালবাসত একটি ছোট্ট টেডি বিয়ার নিয়ে খেলতে। হঠাৎই এক দিন দেখেন, ছিঁড়েখুঁড়ে পড়ে রয়েছে পোষ্যর সেই প্রিয় খেলনা টেডি। ওটা প্রায় নষ্টই হয়ে গিয়েছিল। ফেলে দেওয়ার মতোই অবস্থা। কিন্তু এইখানেই দিল জিতে নিলেন টেরি। টেডিবিয়ারটি তুলে এনে, তার জন্য রীতিমতো 'নার্সিং'-এর ব্যবস্থা করলেন তিনি। 'প্রাণ' ফেরালেন মৃতপ্রায় টেডির শরীরে!
এই ঘটনাটিই জয় করে নিল লক্ষ লক্ষ নেটিজেনের হৃদয়। কলেজপড়ুয়া মাইকেলা জানিয়েছে, তাদের পোষা কুকুর লুসি আর তার সর্ব ক্ষণের সঙ্গী টেডিবিয়ারকে সারা দিন আলাদা করা যেত না। লাকি খুব ভালবাসত ওই টেডিটাকে। সে কলেজে থাকা অবস্থায় আচমকা বাবার মেসেজ পায়। বাবা জানান, একটা খারাপ খবর আছে। লাকির প্রিয় টেডির কোনও একটা দুর্ঘটনা ঘটেছে, সে বাড়ির বাইরে ছিন্নভিন্ন অবস্থায় পড়ে রয়েছে।
"ও হয়তো মরেই গেছে"-- মাইকেলাকে লিখেছিলেন টেরি। কিন্তু এর পরেই মাইকেলার মা ওই অবস্থায় ঘরে নিয়ে আসেন টেডিকে। তার পরেই টেরি উঠেপড়ে লাগেন টেডির শুশ্রূষায়। ঠিক করেন, টেডিকে বাঁচিয়ে তুলবেনই। ওকে বিছানায় শুইয়ে সিপিআর দেন টেরি। চালু করে দেন ড্রিপ!
মাইকেলাকে মেসেজ করে জানান, "সামান্য পাল্স পেয়েছি। সিপিআর করছি ওকে।" এই শুশ্রূষা পর্বের ছবিও মাইকেলাকে পাঠান তিনি। পরে সবটা লিখে টুইট করে মাইকেলা। দেখে নিন তার সেই টুইট।
https://twitter.com/oohhhkayyy/status/1088536240318791681
মাইকেলা জানায়, প্রচণ্ড বরফ পড়ছিল দিন কয়েক আগে। তখনই শৌচকর্ম সারার জন্য তাদের পোষা কুকুর লাকি বাইরে গিয়েছিল এক দিন সন্ধেয়। আর প্রতিবারের মতোই মুখে করে নিয়ে গিয়েছিল প্রিয় টেডিকে। তখনই ওটা কোনও ভাবে পড়ে যায় তার মুখ থেকে। তার পরে চাপা পড়ে যায় বরফে। অন্ধকারে আর খোঁজ মেলেনি সেটির।
পরের দিন টেরি নিজে ওই হারিয়ে যাওয়া টেডির 'রেসকিউ মিশনে' যান। বরফ সরিয়ে খুঁজেও পান সেটি। কিন্তু তত ক্ষণে তার অবস্থা বেশ খারাপ। তখনই মাইকেলাকে খবর দেন তিনি। তাঁর স্ত্রী ঘরে নিয়ে আসে টেডিকে। তার পরে টেরি ঠিক করেন, টেডিকে বাঁচিয়ে তুলবেনই।
কারণ তিনি জানতেন, তাঁর প্রিয় কুকুর লাকির কত কাছের বন্ধু ছিল ওই টেডি! আর তাঁর এই মানসিকতাই তাঁকে অনন্য করে তুলেছে নেট-দুনিয়ায়।