খানিক শক্তি কমালেও এগিয়ে আসছে বুরেভি, কড়া সতর্কতা দক্ষিণ ভারত জুড়ে, বন্ধ একাধিক এয়ারপোর্ট
দ্য ওয়াল ব্যুরো: আরও খানিকটা এগিয়ে এলো সাইক্লোন বুরেভি। যদিও ইতিমধ্যে সে খানিকটা শক্তি হারিয়েছে, তবু দক্ষিণ ভারতের জেলাগুলির স্থানীয় প্রশাসন এবিষয়ে একাধিক ব্যবস্থা নিয়েছে আগাম। গভীর নিম্নচাপ আর কিছুক্ষণেই রামানাথপুরম বেরিয়ে তুতিকোরিনের উপকূ
শেষ আপডেট: 4 December 2020 04:29
দ্য ওয়াল ব্যুরো: আরও খানিকটা এগিয়ে এলো সাইক্লোন বুরেভি। যদিও ইতিমধ্যে সে খানিকটা শক্তি হারিয়েছে, তবু দক্ষিণ ভারতের জেলাগুলির স্থানীয় প্রশাসন এবিষয়ে একাধিক ব্যবস্থা নিয়েছে আগাম। গভীর নিম্নচাপ আর কিছুক্ষণেই রামানাথপুরম বেরিয়ে তুতিকোরিনের উপকূলে আছড়ে পড়তে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ৫০-৬০ কিলোমিটার বেগে হাওয়া বইবে, অতিভারী বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে।
মৌসম ভবনের অধিকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, নিভারে যতটা ক্ষতি তামিলনাড়ুতে হয়েছে বুরেভিতে তার থেকে কম ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার রাতে শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালির উপর দিয়ে ঘণ্টায় ৭৫ থেকে ৮৫ কিলোমিটার বেগে বয়ে এসেছে বুরেভি। শ্রীলঙ্কা অতিক্রম করার পরে আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে, বৃহস্পতিবার সকালে মান্নার উপসাগরের কাছে তা পৌঁছয়। এর পরে পশ্চিম-দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ, শুক্রবার কন্যাকুমারী ও পাম্বানের মধ্যে দিয়ে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার কথা তার।
https://twitter.com/Indiametdept/status/1334607488784601088
সাইক্লোন 'নিভার'এর পরে এক সপ্তাহ যেতে না যেতেই ফের একবার প্রকৃতির রোষের মুখে দক্ষিণ ভারত।নিভারের দাপটে দাক্ষিণাত্যে প্রায় ৭০টি বিমান বাতিল হয়। এবার সাইক্লোন বুরেভির জেরে তিরুবনন্তপুরম বিমানবন্দর বন্ধ রয়েছে আজ সকাল ১০টা থেকে সন্ধ্যে টা পর্যন্ত। ফলে প্রতিটি বিমানের যাত্রীকে সংশ্লিষ্ট বিমানের চলাচল সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে।
বন্ধ থাকবে তামিলনাড়ুর একাধিক বিমানবন্দরও। মাদুরাই বিমানবন্দরে দুপুর ১২টা পর্যন্ত বিমান পরিষেবা স্থগিত রাখার নির্দেশ রয়েছে সাইক্লোন বুরেভির জেরে। এছাড়াও তুতিকোরিন বিমানবন্দর ঘিরেও বন্ধ রাখার নির্দেশ এসেছে। যার জেরে একাধিক বিমান বাতিল করার ঘোষণা করা হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের তরফে।

তামিলনাড়ুর ৬টি জেলায় উচ্চপর্যায়ের সতর্কতা জারি। ছুটিও ঘোষিত হয়েছে এই ৬ জেলায়। বহু মানুষকে ঝড়ের তাণ্ডব এড়িয়ে নিরাপদ দূরত্বে রাখা হয়েছে। কেরলে ৫ জেলাতেও ছুটি ঘোষিত রয়েছে। মোট ২০০০টি ত্রাণশিবির খোলা হয়েছে।
গতকাল, বৃহস্পতিবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এদাপ্পাদি পালানিল্বামীর সঙ্গে এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেন, সাহায্যের আশ্বাস দেন।