
শেষ আপডেট: 15 March 2022 15:48
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য সম্মেলনের (State Conference) প্রথম দিন আলিমুদ্দিনের জোটের লাইনকে (CPM) তীব্র সমালোচনায় বিঁধল পূর্ব বর্ধমান (East Bardhaman) জেলা। এই জেলাটি বরাবরই জোট বিরোধী বলে পরিচিত। অমল হালদার, অচিন্ত্য মল্লিকরা রাজ্য কমিটির সভাতেও সরব হতেন। এবার রাজ্য সম্মেলনের মঞ্চেও সেই সমালোচনাকে সপ্তমে তুলল বর্ধমান।
মঙ্গলবার থেকে সিপিএমের কলকাতা জেলা দফতরে শুরু হয়েছে তিন দিনের রাজ্য সম্মেলন। এদিন সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সম্মেলন উদ্বোধন করেন। তারপর খসড়া প্রতিবেদন পেশ করেন বিদায়ী রাজ্য সম্পাদক সূর্য মিশ্র।
আরও পড়ুনঃ দল বেঁধে 'কাশ্মীর ফাইলস' দেখতে ছুটলেন শুভেন্দুরা! বিধানসভা থেকে সোজা আইনক্স
সূত্রের খবর, সেই প্রতিবেদনের উপর আলোচনা করতে উঠে পূর্ব বর্ধমানের প্রতিনিধি অপূর্ব চট্টোপাধ্যায় রাজ্য নেতৃত্বের সমালোচনা করে বলেছেন, সর্বভারতীয় পার্টি লাইনকে এ রাজ্যে লঙ্ঘন করেছে রাজ্য কমিটি। শুধু তাই নয়, এসএফআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক নাকি বলেছেন বাংলার কেন্দ্রীয় কমিটি ও পলিটব্যুরোর সদস্যরা পার্টি কাঠামোয় আঘাত করেছেন।
নেতাদের সামনে দাঁড়িয়ে তাঁদের এই সুরে সমালোচনায় বিদ্ধ করা নিয়ে চর্চা শুরু হয়েছে দলে। কংগ্রেস তো বটেই, একুশের ভোটে আনকোরা আইএসএফের সঙ্গে জোট নিয়ে সিপিএমের নিচুতলার সম্মেলনগুলিতে একই ধরনের সমালোচনা ধ্বনিত হয়েছিল। মঙ্গলবার সেটাই তুলে ধরল পূর্ব বর্ধমান। যদিও প্রতিনিধিদের একাংশের কথায়, রাজ্য নেতাদের গুড বয় হয়ে থাকার অনেক জেলাই গোলা গোলা কথা বলে নেমে গিয়েছে।

রাজ্য সম্মেলনের প্রথম দিন একটি ছবি ঘিরে জোর চর্চা শুরু হয়েছে সিপিএমের কর্মীসমর্থকদের মধ্যে। সেই ছবিতে দেখা যাচ্ছে, এক প্রতিনিধি আলোচনা করছেন পোডিয়ামে দাঁড়িয়ে ঠিক তাঁর পিছনে বসেই মুখ হা করে ঘুমোচ্ছেন পলিটব্যুরোর সদস্য তথা সিটু সাধারণ সম্পাদক তপন সেন। তপনবাবুর একটা চেয়ার পর আরএক পলিটব্যুরোর সদস্য তথা কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বসেছিলেন। ফ্রেমে ধরা তাঁর ছবিটিও কেমন ঝিমুনি দেওয়া বলে অনেকের দাবি!
সমর্থকদের মধ্যে অনেকেই বিদ্রুপ করে বলছেন, যে কমিউনিস্ট পার্টির শ্রমিক আর কৃষক ফ্রন্ট এমন ঘুমন্ত, তাদের কি আদৌ জেগে ওঠা সম্ভব?