রিপোর্ট বলেছিল, মজবুত আছে সেতু! তবু কী করে ঘটল দুর্ঘটনা! ঘোষণা তদন্তের, সঙ্গে ক্ষতিপূরণেরও
দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই কাঠামোগত অডিট করানো হয়েছিল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশনের ফুট ওভারব্রিজের। সেতুটি যথেষ্ট মজবুত হিসেবেই রিপোর্ট দিয়েছিল অডিটকারী সংস্থা। -- এমনই দাবি করছে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশ সরকা
শেষ আপডেট: 15 March 2019 03:33
দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেই কাঠামোগত অডিট করানো হয়েছিল মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে স্টেশনের ফুট ওভারব্রিজের। সেতুটি যথেষ্ট মজবুত হিসেবেই রিপোর্ট দিয়েছিল অডিটকারী সংস্থা। -- এমনই দাবি করছে মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশ সরকার। কিন্তু সেই রিপোর্টের কয়েক দিনের মধ্যেই কী করে এত বড় দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উচ্চ পর্যায়ের ওই তদন্তের শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সন্ধেবেলা ব্যস্ত সময়ে মম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস রেল স্টেশনের কাছে ভেঙে পড়ে একটি ওভারব্রিজ। এই দুর্ঘটনায় দুই মহিলা সহ ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। উদ্ধারকাজ চলছে এখনও।
মুম্বই পুলিশ সূত্রে খবর, এই ফুট ওভারব্রিজটিএ একটি দিক সিএসটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে শুরু হয়েছে। অন্য দিকটি রাস্তা পেরিয়ে বিটি লেনে টাইমস অফ ইন্ডিয়া বিল্ডিংয়ের কাছে নেমেছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সন্ধেবেলা ব্যস্ত সময়ে এই ওভারব্রিজে অনেক লোক যাতায়াত করছিলেন। হঠাৎ করেই প্রচন্ড শব্দে ভেঙে পড়ে ব্রিজের একটি অংশ। অনেক মানুষ নীচে রাস্তার উপর এসে পড়েন। তাঁদের বক্তব্য, বৃহস্পতিবার সকালে ওভারব্রিজে মেরামতির কাজ চলছিল। কিন্তু যাতায়াত বন্ধ করা হয়নি।
এই সময়েই ঘটে দুর্ঘটনা। খবর পেয়েই দুর্ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ। আসেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। তবে উদ্ধার কাজ শেষ হওয়ার আগেই ক্ষতিপূরণ ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। সূত্রের খবর, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আহতদের পরিবার প্রতিও ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতেই এই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।
https://twitter.com/CMOMaharashtra/status/1106246172987916288
তিনি বলেন, ”মৃতদের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা দেওয়া হবে এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। রাজ্য সরকার তাদের চিকিৎসার জন্য এই ব্যবস্থা করবে।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইতিমধ্য়েই টুইট করে সমবেদনা জানিয়েছেন এই ঘটনায়। লিখেছেন, "মৃতদের পরিবারের প্রতি সমব্যথী। আহতরা তাড়াতাড়ি সেরে উঠুন। মহারাষ্ট্র সরকার নিশ্চয় সব রকম সাহায্য করবে আক্রান্তদের।"
https://twitter.com/narendramodi/status/1106225943176273920
এই ছত্রপতি শিবাজী মহারাজ রেলস্টেশন ইউনেস্কো’র ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। তার পরেও সেখানে ফুটব্রিজের রক্ষণাবেক্ষণের এই দশা আঙুল তুলে দিচ্ছে প্রশাসনের গাফিলতির দিকেই। যদিও অডিটের কথা জানিয়ে গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে প্রশাসন।