দুই সংগঠনের দাবি, দীর্ঘ প্রতীক্ষার পর আর সময় নষ্ট নয়, এবার জবাব চাই প্রশাসনের কাছ থেকে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 2 January 2026 19:59
দ্য ওয়াল ব্যুরো: দ্রুত নিয়োগের দাবিতে ফের রাজপথে নামার প্রস্তুতি বঞ্চিত চাকরিপ্রার্থীদের (Deprived candidates )।
রাজ্য গ্রুপ-ডি বঞ্চিত চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চ এবং ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রার্থী ঐক্যমঞ্চ যৌথভাবে আগামী ১৫ জানুয়ারি ‘নবান্ন অভিযান’-এর ডাক দিয়েছে (Nabanna Abhiyan)। সেদিন দুপুর বারোটায় হাওড়া স্টেশন থেকে শুরু হবে মিছিল।
রাজ্য গ্রুপ-ডি ঐক্যমঞ্চের আহ্বায়ক আশিস খামরুই বলেন, “২০১৭ সালে গ্রুপ-ডি পরীক্ষা হলেও মেধাতালিকা ছিল অস্বচ্ছ। সেই কারণেই অপেক্ষমাণ প্রার্থীদের এখনও নিয়োগ করা হয়নি। আমরা দীর্ঘদিন ধরে ধর্মতলায় ধর্নায় বসে আছি। কোনো ইতিবাচক সাড়া না পেয়ে এ বার নবান্ন অভিযানে নামছি।”
তিনি আরও জানান, মেধাতালিকা সংশোধন ও শূন্যপদে দ্রুত নিয়োগই তাঁদের মূল দাবি।
অন্যদিকে, ২০০৯ সালের দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রার্থী ঐক্যমঞ্চের প্রতিনিধি দেবাশিস বিশ্বাসের বক্তব্য, “২০০৯ সালের প্রাইমারি নিয়োগে এখনও জটিলতা কাটেনি। আদালতের কিছু বিষয় থাকলেও সরকারের তরফে সহযোগিতা মিলছে না। পড়ে থাকা শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতেই আমরা গ্রুপ-ডি প্রার্থীদের সঙ্গে একত্রে আন্দোলনে নামছি।”
দুই সংগঠনের দাবি, দীর্ঘ প্রতীক্ষার পর আর সময় নষ্ট নয়, এবার জবাব চাই প্রশাসনের কাছ থেকে।