
নিজস্ব ছবি
শেষ আপডেট: 20 March 2025 16:25
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhanmantri Awas Yojana) কাটমানির অভিযোগে এবার দিনহাটা পুরসভাকে (Dinhata Municipality) শোকজ করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। টাকা নয়-ছয়ের অভিযোগে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম পুরসভার তৎকালীন চেয়ারম্যানকেও শোকজ করেছেন।
উন্নয়নমূলক কাজের নামে আবাস যোজনায় টাকা পাওয়া উপভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা তুলেছে কোচবিহারের দিনহাটা পুরসভা। রাজ্যের অ্যাকাউন্ট্যান্ট জেনারেল এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি-র অনুসন্ধানে পাওয়া গেছে, প্রায় ৪ কোটি ৪০ লক্ষ টাকা তোলা হয়েছে। প্রাথমিকভাবে সেটা বেআইনি বলে মনে করেছেন প্রধান বিচারপতি।
এজলাসে পুরসভার সাফাই, বেশিরভাগ পুরসভার ফান্ড নেই। তাই ওই টাকা চাওয়া হয়েছে নিকটবর্তী রাস্তা, খাল ইত্যাদি বানানোর জন্য। এরপর প্রধান বিচারপতি বলেন, "অডিট রিপোর্টে উল্লেখ, এভাবে টাকা তোলা সম্পূর্ণ বেআইনি। একই সঙ্গে আদালতে কেন্দ্রের তরফে বলা হয়, "আবাস যোজনার টাকা রাস্তায় টাকায় কীভাবে পরিবর্তিত হতে পারে?"
প্রধান বিচারপতি বলেন, "আবাসের টাকা দেওয়ার পরই যেভাবে উন্নয়ন খাতে পুরসভা ২০ হাজার টাকা করে তুলেছে। সেটা বেআইনি। রাজ্যের সংশ্লিষ্ট দফতর টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও কেন এখনও সেই টাকা ফেরত দেওয়া হয়নি?" হাইকোর্ট কেন পুরসভার বিরুদ্ধে পদক্ষেপ করবে না, সেই কারণ দর্শাতে হবে বলে জানান তিনি। পাশাপাশি তৎকালীন চেয়ারম্যানকেও জানাতে হবে কেন হাইকোর্ট তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে না।