
ব্রাত্য বসু।
শেষ আপডেট: 6 July 2024 15:20
দ্য ওয়াল ব্যুরো: নিট অর্থাৎ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগে দেশজুড়ে শোরগোল তৈরি হয়েছে। শনিবার থেকেই সর্বভারতীয় স্তরে ডাক্তারিতে স্নাতকে ভর্তির কাউন্সেলিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নফাঁস কাণ্ডের জেরে নিট ইউজির কাউন্সেলিং অনির্দিষ্টকালের জন্য পিছনোর কথা শনিবারই জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এবার এই প্রসঙ্গেই কেন্দ্রের চাপ বাড়ালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং পিছিয়ে যাওয়ার ঘটনাকে 'ঐতিহাসিক' আখ্যা দিয়ে ব্রাত্য বলেন, "রাজ্যের হাত থেকে সব ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। এটা তার ঐতিহাসিক প্রতিক্রিয়া। ফলে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ প্রশ্নচিহ্নের মুখে। আমরা মনে করি, ২০১৬-১৭ র আগে যেমন রাজ্যের হাতে জয়েন্টের পরীক্ষার দায়িত্ব ছিল তেমন ফিরিয়ে দেওয়া হোক। স্বচ্ছতার সঙ্গে রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ড এটা করতে পারবে।"
শনিবার শিক্ষা সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে কেন্দ্রর উদ্দেশে তাঁর টিপ্পনি, "এক মাঘে শীত যায় না!" অর্থাৎ আজ যা অন্যের বিপদ তা কাল তোমার কাছেও ফিরে আসতে পারে।
এর আগে এই প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছিলেন, "বাংলার শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে তো অনেক কিছু হল। নিটের দুর্নীতির ক্ষেত্রে কি সিবিআই, ইডি একইভাবে তদন্তে নামবে?"
প্রসঙ্গত, তদন্তে নেমে সিবিআই একাধিকজনকে গ্রেফতারও করেছে। তবে শিক্ষামন্ত্রীর ব্যাখ্যা, দেশের শিক্ষার স্বার্থে পুরনো পদ্ধতি অর্থাৎ রাজ্যগুলির হাতে জয়েন্টের দায়িত্ব ফিরিয়ে দেওয়া উচিত।
একই সঙ্গে রাজ্যের কলেজগুলির ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, এ ব্যাপারে একপ্রস্থ আলোচনা হয়েছে। তবে পুজোর আগে ছাত্র সংসদের নির্বাচন হওয়ার সম্ভবনা কম।