
শেষ আপডেট: 18 December 2023 19:31
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: প্রতিবেশী যুবকরা পুকুর থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে দেখে প্রতিবাদ করেছিল বাচ্চা মেয়ে। তার জেরেই দুপক্ষের ঝগড়া গড়ায় বোমাবাজিতে। সোমবার দুপুরে এই ঘটনায় তেতে উঠল ডায়মন্ড হারবারের মন্দিরবাজার এলাকা। কৃষ্ণচন্দ্রপুর পঞ্চায়েত এলাকার খেলারামপুর গ্রামে ব্যাপক বোমাবাজি হয় বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ, গ্রামবাসীদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়লেও দুটি বোমা বাড়ি লাগোয়া মসজিদের ছাদে গিয়েও ফাটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের এক পবিরারের সঙ্গে দীর্ঘদিন ধরেই অঞ্চল সভাপতির পরিবারের বিবাদ রয়েছে। পরিবারের সদস্য রাবেয়া বিবির অভিযোগ, তাঁর মেয়ে এদিন পুকুরের কাছে দাঁড়িয়ে ছিল। সেই সময় সে দেখে পুকুর থেকে মাছ তুলে নিয়ে যাচ্ছে প্রতিবেশী কয়েকজন যুবক। সেখানে অনেকক্ষণ ধরেই তাঁরা নেশা করছিল। মেয়ে তাতে প্রতিবাদ জানায়। এতে মেয়ের উদ্দেশে কটূক্তি করতে থাকে ওই যুবকরা। মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে দেখে রাবেয়াও প্রতিবাদ জানান। এরপরেই দলবল নিয়ে ছুটে আসে ওই যুবকরা। এক পর এক মুড়ি মুড়কির মতো বোমা ফেলতে থাকে।
বাবেয়া জানিয়েছেন, বোমা ছুড়তে দেখে তিনি মেয়েকে নিয়ে বাড়িতে লুকিয়ে পড়েছিলেন। তার লাগোয়া বাড়িতেও বোমা পড়ে পাখির ঘরের চাল পুড়ে যায়। এছাড়াও অনেকের বাড়িই বোমাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে আহত হয়েছেন। মসজিদের ছাদেও বেশ কয়েকটি বোমা পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপরেই শান্ত হয় এলাকা। তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, এই ঘটনা দুই পরিবারের মধ্যে বিবাদের জেরেই ঘটেছে। এর মধ্যে কোনও রাজনৈতিক যোগ নেই।