বাঁ পায়ের ক্ষতচিহ্ন ঘিরে প্রশ্ন, ময়নাতদন্তে নজর তদন্তকারীদের।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 27 August 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: বাগুইহাটির রঘুনাথপুরের (Raghunathpur, Baguihati) এক পুকুর থেকে উদ্ধার হল এক ফল বিক্রেতার মৃতদেহ (Body of Fruit Seller)। প্রাতঃভ্রমণে বেরিয়ে পুকুরে দেহ ভাসতে দেখে এলাকাবাসী খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে বাগুইআটি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আরজি কর হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়।
মৃতের নাম বিশ্বজিৎ সাহা, পেশায় ফল বিক্রেতা, বাড়ি হাবড়ায়। স্থানীয়দের দাবি, ভিআইপি রোড লাগোয়া রঘুনাথপুর এলাকায় তাঁর একটি ফলের দোকান ছিল। তবে বুধবার থেকে দোকানে তাঁকে দেখা যায়নি। তাঁর এক কর্মচারীই দোকান সামলাচ্ছিলেন।
বৃহস্পতিবার সকালে দোকান থেকে প্রায় ৭০০ মিটার দূরে একটি পুকুরে তাঁর মৃতদেহ পাওয়া যায়। সূত্রের খবর, মৃতদেহের বাঁ পায়ের কনিষ্ঠা আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় দোকানদার থেকে পথচলতি মানুষ—সকলের মুখে এখন একটাই প্রশ্ন, কীভাবে এবং কেন ঘটল এই অস্বাভাবিক মৃত্যু?
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। আপাতত খুন না দুর্ঘটনা—তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তদন্তকারীরা বলছেন, ময়নাতদন্তের রিপোর্টেই মিলবে মৃত্যুর আসল রহস্যের হদিস।