শান্তভানুর বিস্ময় ভরা প্রতিক্রিয়া, “সকলেই জানেন অমর্ত্য সেন কে। এত বয়স্ক একজন মানুষকে এই ভাবে ডেকে হয়রানি, কথা বলারও ভাষা নেই।”

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 7 January 2026 14:55
দ্য ওয়াল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দাবি নিয়ে বিতর্কের মধ্যেই নাটকীয় পালাবদল।
মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছিল, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে এসআইআরের শুনানির নোটিস পাঠানো হয়নি। কিন্তু তার ঠিক এক দিন পর, বুধবার সকালে শান্তিনিকেতনের ‘প্রতীচী’-তে গিয়ে নোটিস ধরিয়ে দিলেন সংশ্লিষ্ট এলাকার বিএলও (BLO at Amartya Sen's house in Santiniketan)।
নোবেলজয়ী অর্থনীতিবিদsর ঘনিষ্ঠ মহলের অভিযোগ, ‘‘এটি নিছক হয়রানি ছাড়া কিছুই নয়’’। তৃণমূলের কটাক্ষ, ‘‘অভিষেক নিশ্চিত তথ্য দিয়েছিলেন, লুকোচুরি শেষমেশ টিকল না কমিশনের’’।
বুধবার সকালে বিএলও সোমব্রত মুখোপাধ্যায় দুই সহকর্মীকে নিয়ে পৌঁছন অমর্ত্যের বাড়িতে। অর্থনীতিবিদের আত্মীয় শান্তভানু সেন জানান, আইনজীবীর পরামর্শে নোটিস গ্রহণ করা হয়েছে।
নোটিসে লেখা, অমর্ত্য সেনকে “প্রবাসী ভারতীয়” হিসেবে উল্লেখ করে তাঁর গণনাপত্রে কিছু ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ রয়েছে। তাঁর ঘোষণায় বাবা বা মায়ের সঙ্গে বয়সের পার্থক্য মাত্র ১৫ বছর, যা “সাধারণত প্রত্যাশিত নয়”। বিষয়টি নথিপত্রের মাধ্যমে স্পষ্ট করার জন্য আগামী ১৬ জানুয়ারি দুপুর ১২টা তাঁর বাড়িতে গিয়ে শুনানি করবে এসআইআরের টিম।
শান্তভানুর বিস্ময় ভরা প্রতিক্রিয়া, “সকলেই জানেন অমর্ত্য সেন কে। এত বয়স্ক একজন মানুষকে এই ভাবে ডেকে হয়রানি, কথা বলারও ভাষা নেই।”
অমর্ত্য সেন বোলপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ভোটার। তবে বছরের বেশির ভাগ সময়ই কর্মসূত্রে দেশের বাইরে থাকেন।
এই নোটিস ইস্যু ঘিরে সুর চড়িয়েছে রাজ্যের শাসকদল। তৃণমূলের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া প্রহসনে পরিণত হয়েছে। বিশিষ্ট ব্যক্তিকেও ‘কাদায় নামানো’ হচ্ছে, তারই প্রতিচ্ছবি অমর্ত্য সেনের নোটিস ঘটনা।