
বিজেপি
শেষ আপডেট: 15 March 2025 14:10
দ্য ওয়াল ব্যুরো: আর ঢাক ঢাক গুর গুর নয়। একেবারে সরাসরি। বিধানসভা অধিবেশন থেকে শুরু করে রাস্তাঘাট, সব ক্ষেত্রেই হিন্দুত্বের (Hindu Vote) কথা বলে কোমর বাঁধছে বিজেপি (BJP)। বাঁকুড়ায় (Bankura) তো দেওয়ালের পর দেওয়াল ছেয়ে গিয়েছে হিন্দুত্বের বার্তায়।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে হিন্দু ভোট জড়ো করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। বাঁকুড়া ১ নম্বর ব্লকে দেওয়াল লিখনে হিন্দুত্ব নিয়ে তৃণমূলকে আক্রমণ করা হয়েছে।
স্থানীয় বিজেপির দাবি, ধর্ম নিয়ে তৃণমূলের তোষণ-নীতির প্রতিবাদেই এই প্রচার কর্মসূচি। ২০১৯ সালের লোকসভা ভোট এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে বাঁকুড়া জেলায় ভাল ফল করেছিল বিজেপি। কিন্তু পঞ্চায়েত, পুরসভা এবং ২০২৪-এর লোকসভা ভোটে অনেকটাই জমি হারিয়েছে তারা।
তৃণমূল অবশ্য এ নিয়ে খুব একটা চিন্তিত নয়। অন্যদিকে বামেদের অভিযোগ, এই দুই দলই ধর্ম নিয়ে রাজনীতি করছে। মানুষের কথা ভাবার দরকারই মনে করে না তারা।
বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে 'মোল্লাদের সরকার' বলে কটাক্ষ করেন, তখন থেকেই বোঝা গিয়েছিল, শুভেন্দুরা একেবারেই মুসলিম ভোটকে তোয়াক্কা করছে না।
২০২১-এর বিধানসভা নির্বাচনে এই হিন্দু-মুসলিম ভোট ভাগাভাগি করেই নন্দীগ্রাম জয় হাসিল করেছিলেন শুভেন্দু অধিকারী, রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই এমনটা মনে করেন। এবার সেই হিন্দুত্বের ইস্যু সামনে রেখেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি।