
শেষ আপডেট: 12 June 2023 07:03
দ্য ওয়াল ব্যুরো: শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'বিপর্যয়'! আরব সাগরের জলরাশি থেকে জলীয় বাষ্প সংগ্রহ করে ক্রমাগত শক্তি বাড়াচ্ছে সে। ধেয়ে আসছে অতি প্রবল বেগে। মৌসম ভবন ইতিমধ্যেই গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে সতর্কতা জারি করেছে। ভারতের পশ্চিমের অন্য রাজ্যগুলিকেও সতর্ক করা হয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা
কবে, কোথায় আছড়ে পড়বে বিপর্যয়?
মৌসম ভবন জানিয়েছে, বুধবার পর্যন্ত সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূল বরাবর সমুদ্র প্রবল উত্তাল থাকবে। বৃহস্পতিবার আরও বাড়বে দাপট। বিশাল উঁচু উঁচু ঢেউ আছড়ে পড়বে। বৃহস্পতিবারই 'বিপর্যয়'-এর ল্যান্ডফল হওয়ার কথা গুজরাত ও পাকিস্তানের মধ্যবর্তী মাণ্ডবী এলাকায়। এর ফলে গুজরাতের কচ্ছ ও পাকিস্তানের করাচিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
গুজরাত, কেরালা, কর্নাটক ও লাক্ষাদ্বীপের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ইতিমধ্যেই। ১৪ জুন পর্যন্ত পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে গুজরাতের সৈকত। গুজরাতের কচ্ছ, জামনগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর ও দ্বারকা জেলাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাকিস্তান সরকারও সিন্ধু ও বেলুচিস্তানের কর্তৃপক্ষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
মৌসম ভবন সূত্রে খবর, পূর্বাভাস মেনেই গত ২৪ ঘণ্টার মধ্যেই আরও শক্তি অর্জন করেছে 'বিপর্যয়'। এখন সেটি করাচি থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে এবং গুজরাতের পোরবন্দর থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের ওপর অবস্থান করছে।
এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাত ও করাচিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গুজরাত, গোয়া, মহারাষ্ট্র ও কর্নাটকে প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড়ের। ১৫০-১৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়। ল্যান্ডফলের সময় এই ঝড়ের গতিবেগ ১৭০ কিলোমিটারও ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মোদী বৈঠক ডাকলেন ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে, দুর্যোগ উপকূল ভারত, পাকিস্তানেও