দ্য ওয়াল ব্যুরো: এ যেন ঠিক বলিউড সিনেমা। এক মহিলার মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছেন রোহিত নামের এক যুবক। হুমকি দিচ্ছেন মেয়েটি তাঁকে বিয়ে না করলে চালিয়ে দেবে গুলি। পুলিশ অসহায়। তারা চেষ্টা চালাচ্ছে যাতে দুষ্কৃতীকে বুঝিয়ে নিরস্ত করা যায়। অবশেষে মহিলা রাজি হলে পুলিশকে ভেতরে ঢুকতে দেন রোহিত। কিন্তু মুক্তির পরেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন মহিলা। বললেন প্রাণ বাঁচাতে বিয়ে করতে রাজি হয়েছিলেন তিনি।
পুলিশ সূত্রে খবর রোহিত মুম্বইয়ের এক কাস্টিং ডিরেক্টর। বছর ৩০-এর ওই মহিলা মডেলিং করেন। রোহিতের বক্তব্য মুম্বই থেকেই তাঁরা দুজন দুজনকে চেনেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু তাঁদের বাড়ির লোকেরা এই সম্পর্ক মেনে নেয়নি। তাই বাধ্য হয়েই এই পদক্ষেপ নিতে হয়েছে তাঁকে।
শুক্রবার গভীর রাতে ম্যাজিস্ট্রেটের কাছে ওই মহিলা জানান, ভোর ৬ টা নাগাদ রোহিত জোর করে তাঁর বাড়িতে ঢুকে পড়ে। তারপর তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করতে বলে। প্রথমে রাজি না হলে তাঁকে মারধরও করে রোহিত। তাই নিজের প্রাণ বাঁচাতেই বিয়ের প্রস্তাবে রাজি হন মহিলা। কিন্তু রোহিতকে তিনি বিয়ে করতে চান না।
প্রসঙ্গত, শুক্রবার প্রায় ১২ ঘণ্টার নাটকের পর ওই ফ্ল্যাট থেকে মহিলাকে উদ্ধার করে পুলিশ। কোনও ভাবেই পুলিশ ফ্ল্যাটে ঢুকতে পারছিল না। রোহিতের কাছে বন্দুক থাকায় মহিলার প্রাণের আশঙ্কা ছিল। তাই পুলিশ ভিডিও চ্যাট করে রোহিতকে বোঝানোর চেষ্টা করতে থাকে। শেষ পর্যন্ত স্ট্যাম্প পেপারে ওই মহিলা লিখতে বাধ্য হন যে রোহিতকেই তিনি বিয়ে করবেন। তারপরেই পুলিশকে ভেতরে ঢুকতে দেয় রোহিত। দুজনকেই প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তারপরেই ম্যাজিস্ট্রেটের সামনে দুজনের বক্তব্য রেকর্ড করা হয়। ওই মহিলার বক্তব্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় রোহিতকে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।