রাজ্যের শাসক দলের সাফ কথা, এর আগে যেমন করেছেন এবারও সেই একই কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - ভোট বাংলায় পরিযায়ী পাখির মতো আসছেন।

নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 22 August 2025 13:40
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার ফের রাজ্য (West Bengal) সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কলকাতায় তিনটি মেট্রো (Kolkata Metro) রুটের উদ্বোধন করবেন তিনি, সেই সঙ্গে দমদম সেন্ট্রাল জেল ময়দানে সভাও করবেন। কথা হল, বছর পেরোলেই বাংলায় বিধানসভা নির্বাচন (2026 WB Election)। তার আগে ফের মোদীর রাজ্য সফরে কৌতূহল, রাজনৈতিক সভায় তাঁর বক্তৃতার অন্যতম বিষয় কী হতে পারে। তবে প্রধানমন্ত্রীর সফরের আগেই তাঁর দিকে একাধিক প্রশ্ন-বাণ ছুড়ল শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)।
'বাংলা আপনার নাটকের মঞ্চ নয়', প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ভাষাতেই কটাক্ষ করেছে তৃণমূল। পাশাপাশি পরপর পাঁচটি প্রশ্ন করেছে তাঁরা। শাসক শিবিরের বক্তব্য, যদি নরেন্দ্র মোদীর ক্ষমতা থাকে, তাহলে এই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান তিনি!
তৃণমূলের প্রশ্ন - ১. নতুন সংবিধান সংশোধনী বিল নিয়ে আসার যৌক্তিকতা কী? ২. ২০২৪ সালের নির্বাচন পদ্ধতি যদি ত্রুটিতে ভরা থাকে আর তার জন্য যদি এসআইআর করতে হয়, তাহলে আগে কেন লোকসভা ভেঙে দেওয়া হচ্ছে না? ৩. বাংলা ভাষার ইস্যুতে দিল্লি পুলিশ যে মনোভাব প্রকাশ করেছে তা কি আপনি সমর্থন করেন? যদি করেন, তাহলে কি আপনি নিজে দেশদ্রোহী নন জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য? ৪. আপনি বলেন, বিকশিত বাংলা না হলে বিকশিত ভারত হবে না। তাহলে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছে কেন? এবং ৫. রাজনৈতিক ষড়যন্ত্র করে কেন্দ্র বারবার বাংলার প্রাপ্য টাকা আটকে দিচ্ছে। এই ব্যাপারে কি আপনি জানেন না?
Back again like a migratory bird, the political tourist lands in Bengal with his pre-election nautanki.
Sorry @narendramodi, Bengal isn’t a stage for your drama. If you have the courage, answer the questions burning in every Bengali’s mind 👇🏻 pic.twitter.com/YVzbme7PVX— All India Trinamool Congress (@AITCofficial) August 22, 2025
রাজ্যের শাসক দলের সাফ কথা, এর আগে যেমন করেছেন এবারও সেই একই কাজ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী - ভোট বাংলায় পরিযায়ী পাখির মতো আসছেন। কিন্তু তাঁদের দাবি, গত কয়েকটি নির্বাচনে যেমন বিজেপি লাভ করতে পারেনি, এবারও পারবে না। আগামী বিধানসভা নির্বাচনেও বাংলায় ধরাশায়ী হবে ভারতীয় জনতা পার্টি।
কিন্তু আজ রাজ্যে এসে ঠিক কী বলতে পারেন মোদী? রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের একাংশের মতে, এদিনের সভায় মোদীর বক্তৃতায় অন্যতম বিষয় হয়ে উঠতে পারে বাংলায় অনুপ্রবেশ সমস্যা। অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশ (Bangladeshi infiltration) নিয়ে চড়া সুরে তৃণমূল সরকারের সমালোচনা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেও তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের বড় অভিযোগ তুলতে পারেন তিনি।
এছাড়া কলকাতায় পৌঁছে প্রধানমন্ত্রী প্রায় ৫,২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে অন্যতম হল কলকাতায় মেট্রো রুটের উদ্বোধন। নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর, শিয়ালদহ–এসপ্ল্যানেড এবং বেলেঘাটা–(রুবির মোড়) হেমন্ত মুখোপাধ্যায়। এর ফলে যাতায়াত সময় উল্লেখযোগ্যভাবে কমবে।