দ্য ওয়াল ব্যুরো: হিন্দুপ্রধান দেশ ভারত। আর তাই বাইরের দেশে যে সমস্ত হিন্দুরা অসুবিধায় পড়েছেন তাঁদের এদেশে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বললেন, পৃথিবীর যে কোনও প্রান্ত থেকেই হিন্দু ধর্মাবলম্বীরা এই দেশে চলে আসতে পারেন, কারণ হিন্দুরাই এখানে সংখ্যাগরিষ্ঠ।
শুধু তাই নয়, অসমের মুখ্যমন্ত্রী এও দাবি করেছেন, এদেশে মোগল সম্রাট বাবর এসে রাজত্ব করার আগে পর্যন্ত সকলেই ছিল হিন্দু। কোনও অন্য ধর্মের মানুষ তার আগে ভারতে থাকতেন না। এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে সিএএ নিয়ে প্রশ্ন করা হয় হিমন্ত বিশ্বশর্মাকে। সেখানেই তিনি বলেন, ভারত হিন্দুপ্রধান দেশ। বিদেশে কোথাও হিন্দুরা সমস্যায় পড়লে এখানে সকলকে স্বাগত। সমস্ত হিন্দুর শিকড় এই ভারতবর্ষ। কারণ বাবর আসার আগে সকলেই এখানে হিন্দু ছিলেন।
নিজেকে অত্যন্ত ধর্মনিরপেক্ষ বলেই দাবি করেছেন হিমন্ত বিশ্বশর্মা। তিনি বলেছেন, কেউ আজকাল মন্দির তৈরি বা সংস্কার করতে চাইলেই তাঁকে সাম্প্রদায়িক বলে দেগে দেওয়া হচ্ছে। এটা ঠিক নয়। শুধু মন্দিরই কেন? আমি একজন হিন্দু। আর হিন্দু হিসেবে আমি যে কোনও ধর্মনিরপেক্ষ মানুষের চেয়েও অনেক বেশি ধর্মনিরপেক্ষ।
কিছুদিন আগেই হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছিলেন, হিন্দুত্বই হল প্রকৃত ধর্ম। আর পৃথিবীর বেশিরভাগ ধর্মের লোকেরাই হিন্দুদের উত্তরসূরি। ৫ হাজার বছর আগে হিন্দুত্বের সূচনা হয়েছিল বলেও সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। বলেছিলেন, একজন খ্রিস্টান বা একজন মুসলিমও একসময়ের কোনও না কোনও হিন্দুরই বংশধর। হিন্দুত্বের কোনও শেষ নেই। যুগ যুগ ধরে তা চলে আসছে।