বেহালার মতো জনবহুল এলাকায় এমন দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, “পুরসভার গাড়িই যদি এভাবে দাপিয়ে বেড়ায়, তবে রাস্তায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 3 September 2025 17:55
দ্য ওয়াল ব্যুরো: বেহালা চৌরাস্তার (Behala) ব্যস্ততম এলাকায় হঠাৎই তীব্র চাঞ্চল্য। কলকাতা পুরসভার (Kolkata Corporation) মাল বোঝাই একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে একটি অটোকে (Auto)।
মুহূর্তের মধ্যেই রাস্তার উপর ছিটকে পড়ে যাওয়া সেই অটো উল্টে যায়। প্রচণ্ড ধাক্কায় অটোর কাঠামো একেবারে চুরমার হয়ে গিয়েছে। ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা ও পথচারীরা ছুটে আসেন আহতদের উদ্ধারে। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশও পৌঁছে যায় ঘটনাস্থলে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতেই ছুটছিল পুরসভার ট্রাক। নিয়ন্ত্রণ হারাতেই সেটি গিয়ে সজোরে ধাক্কা দেয় ডাকঘর লাইনের একটি অটোকে। অটোতে তখন যাত্রী ছিলেন অন্তত পাঁচজন। সংঘর্ষের তীব্রতায় অটোটি একাধিকবার উল্টে যায়। আহতদের চিৎকারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুরুতর জখম চার থেকে পাঁচ জনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।
ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, পুরসভার গাড়ি প্রায়ই এলাকা দিয়ে বেপরোয়াভাবে ছুটে যায়। বারবার সতর্ক করার পরেও কর্তৃপক্ষের হেলদোল নেই। এদিনের ঘটনায় তাঁদের আশঙ্কাই সত্যি হল।
পুলিশ সূত্রে খবর, মারাত্মক ক্ষতিগ্রস্ত অটো ও কর্পোরেশনের ট্রাকটি আটক করা হয়েছে। চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও চালকের গাফিলতির কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। তদন্ত করে দেখা হচ্ছে গাড়িটির যান্ত্রিক ত্রুটি ছিল কি না।
বেহালার মতো জনবহুল এলাকায় এমন দুর্ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, “পুরসভার গাড়িই যদি এভাবে দাপিয়ে বেড়ায়, তবে রাস্তায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”