
শেষ আপডেট: 28 December 2023 17:58
দ্য ওয়াল ব্যুরো: সেফ ড্রাইভ সেভ লাইফের হাত ধরে রাজ্যে কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা। তবুও বহু ক্ষেত্রেই পথ দুর্ঘটনার পর দেখা মেলে না অ্যাম্বুল্যান্সের। এমনকী বহু সময় অতিরিক্ত টাকা চাওয়ারও অভিযোগ ওঠে অ্যাম্বুল্যান্স চালকদের বিরুদ্ধে। টাকার দরাদরি নিয়ে সময় নষ্ট হওয়ায় অনেক সময় হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দুর্ঘটনাগ্রস্ত রোগীর মৃত্যুর ঘটনাও ঘটে। সমস্যার সমাধানে এবার তৎপর হল রাজ্য।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার রাজ্যজুড়ে ১১০টি বিশেষ অ্যাম্বুল্যান্স নামাচ্ছে স্বাস্থ্য দফতর। পুলিশের সাহায্য পেতে যেমন ১০০ ডায়াল করতে হয়, ঠিক তেমনই ১০৮ ডায়াল করলে মিলবে এই অ্যাম্বুল্যান্স পরিষেবা।
সম্পূর্ণ নিখরচায় এই সরকারি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনাগ্রস্ত রোগীকে নিয়ে যাবে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে। শুধু তাই নয় দুর্ঘটনাগ্রস্ত রোগীর প্রাথমিক চিকিৎসার জন্য এই অ্যাম্বুল্যান্সে চালক ও সহকারী হিসাবে নিয়োগ করা হবে মেডিক্যাল টেকনোলজিস্টের ডিগ্রি বা ডিপ্লোমাধারীদের।
স্বাস্থ্য দফতর সূত্রের খবর, প্রথম দফায় ১১০টি অ্যাম্বুল্যান্স চালানো হবে। পর্যায়ক্রমে এই সংখ্যা বাড়ানো হবে। অত্যাধুনিক এই অ্যাম্বুল্যান্সের মধ্যে থাকবে ভেন্টিলেটর, এমনকী রক্তসঞ্চালনের ব্যবস্থাও। দুর্ঘটনাগ্রস্ত রোগীদের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত রোগী বা সহায়সম্বলহীন অসুস্থকেও হাসপাতালে পৌঁছে দেবে এই সরকারি অ্যাম্বুল্যান্স।
বস্তুত, এতদিন ১০২ ডায়াল করে অ্যাম্বুল্যান্স মিলতো। তবে তা শুধুমাত্র শিশু ও প্রসূতিদের চিকিৎসার জন্য প্রযোজ্য ছিল। নয়া এই পরিষেবার সুযোগ পাবেন সকলেই।
সূত্রের খবর, এ ব্যাপারে ওড়িশার একটি সংস্থার সঙ্গে চুক্তি করেছে রাজ্য। আগামী বছরের শুরু থেকেই এই পরিষেবা মিলতে পারে। প্রথমে জেলাস্তরে শুরু হবে এই পরিষেবা। প্রথম দফায় রাজ্যের দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে রাখা হবে এই অ্যাম্বুল্যান্সগুলি। ধাপে ধাপে এই পরিষেবা আরও বাড়ানো হবে।